কক্সবাজারের রামুতে পুলিশ দেখে পালাতে যাওয়া এক যুবকের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি জব্দ করেছে থানা পুলিশ। এসময় ওই যুবককে গ্রেফতারের পাশাপাশি ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়।
Advertisement
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরের দিকে রামু-নাইক্ষ্যংছড়ি সড়কে অস্থায়ী চেকপোস্টে এ ঘটনা ঘটে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া এসব তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতার মো. সোহেল (২৭) রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৌলভীকাটা এলাকার বাসিন্দা ফরিদুল আলম ও রাশেদা বেগম দম্পতির ছেলে।
Advertisement
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরের দিকে রামু-নাইক্ষ্যংছড়ি সড়কের কাউয়ারখোপ ইউনিয়ন এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এসময় পুলিশের উপস্থিতি দেখে পিকআপ দ্রুতগতিতে চেকপোস্ট অতিক্রম করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে রামুর ফতেখারকুল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজারীকুল এলাকায় থানা সংলগ্ন রামু-মরিচ্যা সড়কে গাড়িটি আটক করে পুলিশ।
গাড়িটি তল্লাশি চালিয়ে চালকের আসনের পাশে স্টিয়ারিংয়ের নিচে ও ব্রেকের পাশে পাদানির নিচে বিশেষ কায়দায় রাখা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়।
ওসি মনিরুল ইসলাম বলেন, ওই যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সায়ীদ আলমগীর/এসআর
Advertisement