খেলাধুলা

আবারও ইংল্যান্ডের অধিনায়ক জো রুট; কোচ হলেন স্টিফেন ফ্লেমিং

ইংল্যান্ড টেস্ট ক্রিকেটে শুরু হচ্ছে নতুন অধ্যায়। আবারও টেস্ট দলের স্থায়ী অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জো রুট। একই সঙ্গে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিংকে ইংল্যান্ডের নতুন টেস্ট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

Advertisement

বেন স্টোকসের আকস্মিক আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর এবং ব্রেন্ডন ম্যাককালামকে টেস্ট কোচের পদ থেকে সরিয়ে দেওয়ার পর এই দুই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ইসিবি।

পাঁচ বছর পর আবার টেস্ট অধিনায়ক রুট

২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত ইংল্যান্ডের টেস্ট দলের নেতৃত্ব দিয়েছিলেন জো রুট। সেই সময় তিনি ৬৫টি টেস্টে অধিনায়কত্ব করেন, যা ইংল্যান্ডের ইতিহাসে সর্বোচ্চ। তার নেতৃত্বে দল জিতেছিল ২৭টি টেস্ট, এটিও ইংল্যান্ডের রেকর্ড।

Advertisement

সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে অন্তর্বর্তীকালীন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন রুট। এবার তাকে স্থায়ীভাবেই দায়িত্ব ফিরিয়ে দিল ইসিবি। আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়েই দ্বিতীয় দফায় অধিনায়কত্ব শুরু হবে ৩৫ বছর বয়সী এই ব্যাটারের।

অধিনায়কত্ব ফিরে পেয়ে রুট বলেন, ‘আবারও ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক হওয়ার সুযোগ পাওয়া আমার জন্য বিশাল সম্মানের। টেস্ট দলের নেতৃত্ব দেওয়া কঠিন হলেও অত্যন্ত উপভোগ্য একটি দায়িত্ব। গত মাসে ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে অল্প সময়ের জন্য আবার দায়িত্ব পালন করে দারুণ অনুভূতি হয়েছিল। এখন নতুন প্রজন্মের ক্রিকেটারদের নেতৃত্ব দিতে মুখিয়ে আছি।’

কোচ হলেন স্টিফেন ফ্লেমিং

টেস্ট দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন নিউজিল্যান্ডের কিংবদন্তি স্টিফেন ফ্লেমিং। তবে তিনি বছরের শেষ দিকে দায়িত্ব নেবেন। পাকিস্তান সিরিজে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক ওপেনার মার্কাস ট্রেসকোথিক।

Advertisement

৫৩ বছর বয়সী ফ্লেমিং বিশ্ব ক্রিকেটের অন্যতম সফল কোচ হিসেবে পরিচিত। তার অধীনে চেন্নাই সুপার কিংস পাঁচবার আইপিএল শিরোপা জিতেছে। খেলোয়াড়ি জীবনে নিউজিল্যান্ডের হয়ে ১১১টি টেস্ট খেলেছিলেন তিনি।

নতুন দায়িত্ব নিয়ে ফ্লেমিং বলেন, ‘লক্ষ্য সবসময়ই জেতা। তবে শুধু বর্তমান নয়, আগামী কয়েক বছরের জন্যও একটি শক্তিশালী দল গড়ে তোলাই আমার উদ্দেশ্য।’

রুটকে নিয়ে তিনি বলেন, ‘জো রুট প্রজন্মের সেরা ক্রিকেটারদের একজন। সে ইতোমধ্যে অনেক কিছু অর্জন করেছে, তবে আমি বিশ্বাস করি তার কাছ থেকে আরও অনেক কিছু পাওয়ার বাকি আছে। নতুন প্রেক্ষাপটে তাকে সমর্থন করতে আমি মুখিয়ে আছি।’

নিজের নতুন কোচকে ‘অসাধারণ নেতা’ আখ্যা দিয়েছেন রুট। তার ভাষায়, ‘স্টিফেন ফ্লেমিং একজন ব্যতিক্রমী নেতা। ক্রিকেট সম্পর্কে তার জ্ঞান অসাধারণ। তার সঙ্গে কাজ করার জন্য আমি ভীষণ উচ্ছ্বসিত।’

এই দুই নিয়োগের মাধ্যমে ইংল্যান্ড টেস্ট ক্রিকেটে শেষ হলো ব্রেন্ডন ম্যাককালাম ও বেন স্টোকসের ‘বাজবল’ যুগ। ২০২২ সালে দায়িত্ব নেওয়ার পর ম্যাককালাম ও স্টোকস ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটে আক্রমণাত্মক মানসিকতার নতুন ধারা চালু করেছিলেন। রুটের অধিনায়কত্বের শেষ দিকে যেখানে দল ১৭ টেস্টে মাত্র একটি জয় পেয়েছিল, সেখানে ম্যাককালাম-স্টোকস জুটি প্রথম ১১ টেস্টের ১০টিতেই জয় এনে দেয়।

তবে সময়ের সঙ্গে সেই সাফল্যের ধার কমে যায়। বিশেষ করে অস্ট্রেলিয়ায় অ্যাশেজে ৪-১ ব্যবধানে হার এবং চলতি বছর ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হার ম্যাককালামের বিদায়ের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।

এদিকে চলতি মাসেই নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্ট চলাকালীন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন অধিনায়ক বেন স্টোকস। এর আগে দলীয় কারফিউ ভেঙে লন্ডনের একটি নাইটক্লাবে যাওয়ার ঘটনায় দ্বিতীয় টেস্টে দল থেকেও বাদ পড়েছিলেন তিনি।

বর্তমানে টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ভারতের কিংবদন্তি শচিন টেন্ডুলকারের পরেই রয়েছেন জো রুট। ১৪ হাজারের বেশি রান করা এই ব্যাটারের সামনে এখন নতুন দায়িত্ব- ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি ইংল্যান্ডকে আবারও বিশ্বসেরাদের কাতারে ফিরিয়ে আনা।

ইসিবির ব্যবস্থাপনা পরিচালক রব কি মনে করেন, ফ্লেমিং ও রুটের এই জুটি ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবে।

তার ভাষায়, ‘স্টিফেন ফ্লেমিং বিশ্ব ক্রিকেটের সবচেয়ে সম্মানিত কোচদের একজন। আর জো রুট নতুন যুগে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য ভীষণ আগ্রহী। আমি বিশ্বাস করি, এই দুজনের নেতৃত্বে ইংল্যান্ড দীর্ঘমেয়াদে সফল একটি দল হয়ে উঠবে।’

আইএইচএস/