খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের বলেছেন, জুলাইয়ে যারা ভূমিকা রেখেছিলো বিভিন্ন জায়গায় তারা আক্রান্ত হচ্ছে। তাদের বিরুদ্ধে মোবাইল চুরির মামলা দেওয়া হয়েছে। হাসিনা যা করছিলো বিএনপি এখন তাই করছে। হাসিনা আপনাদের বিরুদ্ধে চুরির মামলা দিয়েছিলো। আপনারা সেই কাজ করছেন।
Advertisement
শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত গণসমাবেশে তিনি এ কথা বলেন। নারায়ণগঞ্জ মহানগর খেলাফত মজলিসের উদ্যোগে জুলাই গণহত্যার বিচার অবিলম্বে কার্যকর এবং গণভোটের রায়ের আলোকে ‘জুলাই সনদ’বাস্তবায়নের দাবিতে এ গণসমাবেশের আয়োজন করা হয়।
ড. আহমদ আব্দুল কাদের আরও বলেন, যদি আপনাদের জুলাইয়ে প্রতি শ্রদ্ধা থাকে যদি দেশের ভালো চান তাহলে চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ে তুলুন। কিন্তু আপনাদের কার্যক্রমে সেই লক্ষণ দেখা যায় না। ভালো কথা বলেন কিন্তু বাস্তবে কর্মীদের উপর কোনো নিয়ন্ত্রণ নেই। কর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারলে সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ করতে না পারলে দেশকে গড়ে তুলতে পারবেন না। জাতি আপনাদের ক্ষমতায় দেখতে চাইবে না।
তিনি বলেন, জুলাই সনদ নিয়ে কোনো প্রকার টালবাহানা জনগণ মেনে নেবে না। দেশে ন্যায়বিচার ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ইসলামী আদর্শের ভিত্তিতে সমাজ গঠনের কোনো বিকল্প নেই। দেশের সর্বস্তরের জনগণকে এ বিষয়ে সোচ্চার হতে হবে।
Advertisement
খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি হাফেজ কবির হোসেনের সভাপতিত্বে ও মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদের পরিচালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন, শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক আব্দুল করীম, খেলাফত মজলিসের ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যাপক মাওলানা সাইফুদ্দীন আহমদ খন্দকার ও জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী প্রমুখ।
মোবাশ্বির শ্রাবণ/এএইচ