দেশের জনস্বাস্থ্য, খাদ্যে ভেজাল, নকল ওষুধ, মাদক, দুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে যখন দেশজুড়ে আলোচনা চলছে, ঠিক সেই সময় দেওয়া তার স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
Advertisement
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই স্ট্যাটাসে আসিফ আকবর লিখেছেন, ‘টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, বাতাসে সীসা, পানিতে জীবাণু, ফল পাকায় কার্বাইড, শাকসবজিতে রাসায়নিক কীটনাশক, মাছে ফরমালিন-সবই যেন স্বাভাবিক হয়ে গেছে।’ একই সঙ্গে ফার্মের মুরগি, ফাস্টফুড, শিশুখাদ্যে ভেজাল, মোবাইল টাওয়ারের বিকিরণ, পরিবেশ দূষণসহ জনস্বাস্থ্য সংশ্লিষ্ট নানা বিষয় নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
স্ট্যাটাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন এই সংগীতশিল্পী। তিনি লেখেন, ‘মাদকে সয়লাব দেশ, অধরা অবৈধ অস্ত্রের ভান্ডার।’ পাশাপাশি ব্যাংক লুট, অর্থ পাচার, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, ধর্ষণ, হত্যা ও অপহরণের মতো বিষয় উল্লেখ করে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেন।
একপর্যায়ে নিজের শারীরিক অবস্থার কথাও তুলে ধরেন আসিফ। তিনি জানান, বেশ কিছুদিন ধরে তার রক্তচাপ ১২০/১৬০ থাকায় চিকিৎসকের শরণাপন্ন হন। চিকিৎসকের বরাত দিয়ে তিনি দাবি করেন, তিনি যে উচ্চ রক্তচাপের ওষুধ সেবন করছিলেন, সেটি নকল ছিল এবং তাতে কার্যকর ওষুধের উপাদান ছিল না। এমনকি ওষুধটি ‘আটা দিয়ে বানানো’ বলেও চিকিৎসক তাকে জানিয়েছেন বলে স্ট্যাটাসে উল্লেখ করেন।
Advertisement
এছাড়া চিকিৎসক বন্ধুদের বরাত দিয়ে তিনি আরও লেখেন, কিছু ওষুধে নির্ধারিত মাত্রার চেয়ে কম কার্যকর উপাদান থাকে। সে কারণেই অনেক সময় একটি ট্যাবলেটের পরিবর্তে দুটি ট্যাবলেট খাওয়ার পরামর্শ দেওয়া হয় বলে দাবি করেন তিনি।
আরও পড়ুন ‘চায়ের চুমুকে’ অনুষ্ঠানে দীপংকর দীপকস্ট্যাটাসের শেষদিকে আসিফ লেখেন, ‘স্বাধীনতার ৫৫ বছর গত, মরতেও হবে একদিন। সুস্থ থাকার চেষ্টায় অন্তত জেনুইন ওষুধটা খেয়ে মরার সুযোগটা হবে তো?’
আসিফ আকবরের এই স্ট্যাটাস এমন এক সময়ে এসেছে, যখন দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সম্প্রতি এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর এক গবেষণায় দাবি করা হয়েছে, দেশের বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। শিশুদের জন্য তৈরি ছয়টি টুথপেস্টের চারটিতেও এই অতি ক্ষুদ্র প্লাস্টিক কণার উপস্থিতি মিলেছে। গবেষণায় বলা হয়েছে, পরীক্ষা করা টুথপেস্টের ৭৬ দশমিক ৫ শতাংশে মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে। প্রতি ১০০ গ্রাম টুথপেস্টে ২০ থেকে ৩২০টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে।
Advertisement
এ গবেষণার তথ্য প্রকাশের পর জনস্বাস্থ্য ও ভোক্তা নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সেই প্রেক্ষাপটেই আসিফ আকবরের স্ট্যাটাসও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।
এমএমএফ