জাতীয়

জুলাইয়ের পূর্ণতা দিতে গণভোট বাস্তবায়নের বিকল্প নেই: শাহজাহান

জুলাই বিপ্লবের পূর্ণতা দিতে রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়ন এবং গণভোটের মাধ্যমে জুলাই সনদ অনুমোদনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান।

Advertisement

শুক্রবার (৩১ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর জোন-৫ এর উদ্যোগে নগরীর দেওয়ানবাজার বিআইএ মিলনায়তনে অগ্রসর কর্মীদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ শাহজাহান বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের জীবন হতে হবে আদর্শিক, উন্নত ও অনুসরণযোগ্য। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও সাংগঠনিক জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের নৈতিকতা ও সৌন্দর্যের প্রতিফলন ঘটাতে হবে। আত্মগঠন, জ্ঞানচর্চা, চরিত্র উন্নয়ন এবং দায়িত্বশীলতার মাধ্যমে নিজেদের যোগ্য ও আদর্শ কর্মী হিসেবে গড়ে তুলতে হবে।

জুলাই বিপ্লবের লক্ষ্য ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাষ্ট্রীয় সংস্কার সম্পন্ন করা এবং গণভোটের মাধ্যমে জুলাই সনদের অনুমোদন নিশ্চিত করা জরুরি।

Advertisement

তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের প্রত্যাশা পূরণ এবং একটি গ্রহণযোগ্য ও টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন জরুরি। জনগণের মতামতের ভিত্তিতে গণভোটের মাধ্যমে জুলাই সনদ অনুমোদন ও কার্যকর করার উদ্যোগ নেওয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও জোন-৫-এর পরিচালক মোরশেদুল ইসলাম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম এবং কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার।

অনুষ্ঠানে দারসুল কুরআন পেশ করেন চট্টগ্রাম মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা জাকের হোসেন।

Advertisement

বিশেষ অতিথির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের ব্যবহারিক জীবন হতে হবে সুন্দর, পরিচ্ছন্ন ও আদর্শবান। একজন কর্মীর কথা, কাজ, আচরণ ও পারস্পরিক সম্পর্কের মধ্যে ইসলামের সৌন্দর্য ফুটে উঠতে হবে। ব্যক্তিগত ও সামাজিক জীবনে সততা, শৃঙ্খলা, বিনয়, সহনশীলতা ও উত্তম আচরণের মাধ্যমে মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে হবে। তিনি বলেন, কর্মীদের চরিত্র ও ব্যবহারিক জীবনের উৎকর্ষই ইসলামী আন্দোলনের দাওয়াতকে মানুষের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলবে।

সভাপতির বক্তব্যে মোরশেদুল ইসলাম চৌধুরী বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের ইমানি দৃঢ়তা, তাকওয়া, উত্তম চরিত্র, ধৈর্য ও দায়িত্বশীলতার মাধ্যমে সমাজে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে হবে। তিনি আত্মগঠন, দাওয়াতি কাজ ও সাংগঠনিক দায়িত্ব পালনে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

এ সময় আকবরশাহ থানা আমির আব্দুল হান্নান চৌধুরী, পাহাড়তলী থানা আমির মুহাম্মদ নুরুল আলম, প্রকৌশলী রুহুল আমীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমআরএএইচ/এমএএইচ/