লাইফস্টাইল

এক ছাদের নিচে বিয়ের সব আয়োজন

প্রথম দর্শনে মনে হবে যেন কোনো অভিজাত বিয়ের আয়োজন চলছে। প্রবেশমুখজুড়ে ফুলের নান্দনিক সাজ, ঝলমলে আলোকসজ্জা, রাজকীয় ওয়েডিং স্টেজ, ঐতিহ্যবাহী পালকি, সযত্নে সাজানো ফটো কর্নার-সব মিলিয়ে প্রতিটি কোণ যেন একটি বিয়ের অ্যালবামের জীবন্ত ফ্রেম। কোথাও অতিথিরা ছবি তুলছেন, কোথাও আবার হবু বর-কনেরা নতুন ট্রেন্ডের পোশাক দেখছেন। পুরো পরিবেশজুড়ে যেন উৎসব, ভালোবাসা আর নতুন শুরুর আবহ।

Advertisement

এই আমেজ নিয়েই ইন্টারকন্টিনেন্টাল ঢাকার রূপসী বাংলা গ্র্যান্ড বলরুম ও উইন্টার গার্ডেনে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘সেনসেশন প্রেজেন্টস ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসির সহযোগিতায় আয়োজিত এই উৎসবটি ইন্টারকন্টিনেন্টাল ঢাকার প্রথম পূর্ণাঙ্গ ওয়েডিং ফেস্টিভ্যাল। সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত এই আয়োজন শুধু বিয়ের পোশাক দেখার জায়গা নয়, বরং একটি পূর্ণাঙ্গ ওয়েডিং লাইফস্টাইল অভিজ্ঞতা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের কোম্পানি সেক্রেটারি ও ইন্টারকন্টিনেন্টাল ঢাকার স্বত্বাধিকারী মোহাম্মদ মোজাম্মেল হক, ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ডিরেক্টর (ফুড অ্যান্ড বেভারেজ) অলিভিয়ের ক্লদ লোরো এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. শাফকাত হোসেন। এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন আয়োজক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা, অংশগ্রহণকারী বিভিন্ন ব্র্যান্ডের প্রতিনিধিরা এবং ওয়েডিং ও লাইফস্টাইল ইন্ডাস্ট্রির সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাদের উপস্থিতিতে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এক ছাদের নিচে বিয়ের সব আয়োজন

বিয়ের পরিকল্পনা শুরু থেকে শেষ পর্যন্ত যা যা প্রয়োজন, তার প্রায় সবকিছুই এখানে পাওয়া যাচ্ছে। ব্রাইডাল ও গ্রুম ফ্যাশন, কাস্টম কউচার, গয়না, বিউটি ও গ্রুমিং, পেশাদার ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি, হানিমুন পরিকল্পনা, ওয়েডিং স্টেশনারি, প্রিমিয়াম ফুটওয়্যার, বিলাসবহুল গাড়ি, ইন্টেরিয়র ডিজাইন, ব্যাংকিং সুবিধা, হোম অ্যাপ্লায়েন্স থেকে আন্তর্জাতিক মানের প্রসাধনী-সবই সাজানো হয়েছে আলাদা আলাদা অভিজ্ঞতার মাধ্যমে।

Advertisement

শুধু কেনাকাটা নয়, বিয়ের আগে স্বাস্থ্য, দাম্পত্য জীবন ও পরিবার পরিকল্পনা নিয়েও বিশেষজ্ঞ চিকিৎসকদের বিনামূল্যে পরামর্শ নেওয়ার সুযোগ রাখা হয়েছে। ফলে উৎসবটি বিনোদনের পাশাপাশি সচেতনতাকেও গুরুত্ব দিয়েছে।

দেশি-বিদেশি ব্র্যান্ডের মিলনমেলা

ফেস্টিভ্যালে অংশ নিয়েছে দেশের পরিচিত ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ডের পাশাপাশি আন্তর্জাতিক ব্র্যান্ডও। সারাহ্ করিম কউচার, জুরহেম, আমিশে, পারসোনা হেয়ার অ্যান্ড বিউটি, ড্রিম উইভার, সেভ দ্য ডেট, হারলান নিউইয়র্ক, সুন্দোরা, আওয়ারগ্লাস এম্পোরিয়াম, সনি-স্মার্ট, বার্জার, ফার্স্টট্রিপ, মার্সিডিজ-বেঞ্জ বাংলাদেশসহ বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল ঘুরে দর্শনার্থীরা নতুন সংগ্রহ, বিশেষ অফার এবং সর্বশেষ ট্রেন্ড সম্পর্কে জানতে পারছেন।

পানের স্টল থেকে বিয়ের ভোজ

ফ্যাশনের পাশাপাশি খাবারের আয়োজনও দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। প্রবেশের পরই চোখে পড়ে পান টেম্পটেশনের রঙিন স্টল, যেখানে একেকটি পান যেন শিল্পীর হাতে তৈরি ছোট শিল্পকর্ম। এর পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের মুখরোচক খাবারের স্টল, যা ঘুরে দেখার ফাঁকে দর্শনার্থীদের স্বাদও পূরণ করছে।

আর যারা বিয়ের আসল ভোজের স্বাদ নিতে চান, তাদের জন্য রয়েছে এলিমেন্টস গ্লোবাল ডাইনিংয়ের বিশেষ ওয়েডিং-থিমড ডিনার। খাসির কাচ্চি বিরিয়ানি, চিকেন রোস্ট, বিভিন্ন কাবাবসহ বিয়ের দাওয়াতের জনপ্রিয় পদগুলো পরিবেশন করা হচ্ছে বিশেষ অফারে। নির্বাচিত ব্যাংকের কার্ডধারীরা পাচ্ছেন ‘বাই ওয়ান, গেট থ্রি’ সুবিধা। পাশাপাশি উৎসব চলাকালীন ওয়েডিং বুকিং করলে বিশেষ মূল্যে জনপ্রতি ৩,৫০০ টাকার প্যাকেজও থাকছে।

Advertisement

র‌্যাম্পে বিয়ের নতুন ট্রেন্ড

প্রথম দিনের সবচেয়ে আকর্ষণীয় আয়োজন ছিল ফ্যাশন শো। আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের কোরিওগ্রাফিতে র‌্যাম্পে আসেন একঝাঁক মডেল। তাদের পরনে ছিল সারাহ্ করিম কউচার ও জুরহেমের নতুন ব্রাইডাল কালেকশন। কোথাও হাতে সূক্ষ্ম কারুকাজে সাজানো লেহেঙ্গা, কোথাও সমসাময়িক শাড়ি, আবার কোথাও রাজকীয় শেরওয়ানি। আলো, সংগীত আর র‌্যাম্পের উপস্থাপনায় পুরো পরিবেশ যেন বাস্তবের বিয়ের গল্প হয়ে ওঠে।

শুধু প্রদর্শনী নয়, উৎসব

সাংস্কৃতিক পরিবেশনা, কাওয়ালি, লাইভ শো, র‌্যাফেল ড্র-সব মিলিয়ে পুরো আয়োজনটি ছিল প্রাণবন্ত। দর্শনার্থীদের জন্য ছিল নানা ধরনের পুরস্কারের সুযোগও, যার মধ্যে অন্যতম ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে দম্পতির বিমান টিকিট।

আরও পড়ুন বড় ফ্রেমে বদলে যাবে পুরো লুক, ওভারসাইজড সানগ্লাসেই ফ্যাশন

এটি শুধু একটি ওয়েডিং এক্সপো নয়, বরং বিয়ে ঘিরে ফ্যাশন, লাইফস্টাইল, খাবার, সাজসজ্জা এবং স্বপ্নকে এক জায়গায় এনে দেওয়া একটি পূর্ণাঙ্গ উৎসব। বিয়ের পরিকল্পনা থাকুক বা না-ই থাকুক, নতুন ট্রেন্ড দেখা, অনুপ্রেরণা নেওয়া কিংবা একটি উৎসবমুখর দিন কাটানোর জন্য ইন্টারকন্টিনেন্টাল ঢাকার এই আয়োজন সহজেই হতে পারে আপনার শেষ গন্তব্য।

আরও পড়ুন কারুশিল্পে নারীত্ব, ডিজাইনার ডলি জের নতুন চমক

এসএকেওয়াই