জাতীয়

কলা চুরির প্রতিবাদ করায় প্রাণ গেলো ক্লার্কস অ্যাসোসিয়েশন নেতার

চট্টগ্রামের পটিয়ায় বাড়ির গাছের কলা চুরির প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হয়ে পটিয়া অ্যাডভোকেট ক্লার্কস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ তোহা (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।

Advertisement

শুক্রবার (৩১ জুলাই) দিনগত রাত ১২টার দিকে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোনাফ হাজীর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার পর অভিযুক্ত আনোয়ার হোসেনকে (২৯) আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। অভিযুক্ত পরিবারের অন্য সদস্যরা পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে তোহার বাড়ির গাছ থেকে কলা চুরিকে কেন্দ্র করে প্রতিবেশী এজাহার মিয়ার পরিবারের সদস্যদের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

Advertisement

সংঘর্ষের সময় প্রতিপক্ষের লোকজন মোহাম্মদ তোহাকে মারধর করেন। একপর্যায়ে লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শফিক উল্লাহ বলেন, কলা চুরির প্রতিবাদকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। তবে ঘটনার প্রকৃত কারণ এবং এর নেপথ্যে অন্য কোনো বিরোধ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমআরএএইচ/এমআইএইচএস/

Advertisement