পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে খেলছেন না ওয়েস্ট ইন্ডিজের পেসার আলজারি জোসেফ। তার না খেলার কারণ নিয়ে মন্তব্য করেছেন কোচ ড্যারেন স্যামি। আর এই মন্তব্যের জেরেই একে-অপরের মুখোমুখি অবস্থানে দাঁড়ালেন দুজন।
Advertisement
জোসেফের না খেলাকে ‘প্রস্তাব প্রত্যাখ্যান’ বলেছিলেন স্যামি। তবে তার এমন মন্তব্যকে উড়িয়ে দিয়ে ‘প্রেক্ষাপটহীন ও বিতর্কিত’ বলে আখ্যা দিয়েছেন জোসেফ।
পাকিস্তান সিরিজের দল ঘোষণা করার সময়, উইন্ডিজ ক্রিকেট বোর্ড জানায়, ব্যক্তিগত কারণে খেলছেন না জোসেফ। পরে প্রধান কোচ স্যামি জানান, চোট থেকে ফেরার পর দলভুক্ত হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন জোসেফ।
তবে অ্যান্টিগা অবজারভারের ‘গুড মর্নিং জোজো স্পোর্টস শো’-তে জোসেফ বলেন, চোট থেকে ফিরে কোচ ও বোর্ডের সঙ্গে কথা বলেই পাকিস্তান সিরিজ থেকে বিরতি নিয়েছেন জোসেফ।
Advertisement
আলজারি জোসেফ বলেন, ‘আমার ও প্রধান কোচের মধ্যে আলোচনা হয়েছে। সিডব্লিউআইয়ের সঙ্গেও কথা হয়েছে। আপনারা দেখবেন, সিডব্লিউআইয়ের বিবৃতিতে “ব্যক্তিগত কারণ” বলা হয়েছে। স্যামি অনেক দিন ধরেই ক্রিকেটের সঙ্গে আছেন। তিনি ভালো করেই জানতেন, এমন মন্তব্য জনমনে কী ধরনের ধারণা তৈরি করবে। তাই এ বিষয়ে তার মন্তব্য নিয়ে আমার আর কিছু বলার নেই।’
তিনি জানান, দীর্ঘ ইনজুরির পর শরীরের ওপর অতিরিক্ত চাপ না দেওয়াই সিরিজ থেকে সরে দাঁড়ানোর মূল কারণ। জোসেফ বলেন, ‘আমি প্রায় এক বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলাম। দ্বিতীয়বারের মতো স্ট্রেস ফ্র্যাকচারের পর ফিরেছি। দুটি টেস্ট ও টানা পাঁচটি ওয়ানডে খেলার পর বুঝতে পারি, আমার শরীর আরেকটি টেস্ট সিরিজের জন্য প্রস্তুত নয়। তাই প্রেক্ষাপট ছাড়া এমন মন্তব্য করাটা বিতর্কিত।’
স্যামির সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে জোসেফ বলেন, পেশাদার হিসেবে এটি তার কাজে কোনো প্রভাব ফেলবে না। তার ভাষায়, ‘আমি একজন পেশাদার ক্রিকেটার। আমি কাজ করতে যাই। আমি ড্যারেন স্যামির প্রতিনিধিত্ব করি না, আমি ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করি। সেখানে আমি বন্ধু বানাতে যাই না, নিজের দায়িত্ব পালন করতে যাই।’
আইএন
Advertisement