বিনোদন

ট্রেলারে জমজমাট রণবীর-পল্লবীদের ‘রামায়ণ’, চলছে সমালোচনাও

অবশেষে প্রকাশ পেল বহুল প্রতীক্ষিত ‘রামায়ণ: পার্ট ১’-এর ট্রেলার। মুক্তির পর থেকেই একদিকে যেমন রণবীর কাপুর, সাই পল্লবী ও ইয়াশের অভিনয়, ভিজ্যুয়াল ইফেক্ট এবং সংগীতের প্রশংসা করছেন দর্শক, অন্যদিকে ট্রেলার ঘিরে শুরু হয়েছে নানা সমালোচনাও।

Advertisement

আরও পড়ুন কান মাতানো নির্মাতার নতুন চমক, কোথায় দেখা যাবে সাইমন-তুষিদের ‘অ্যানি’

৩০ জুলাই বিশ্বজুড়ে প্রকাশ করা হয় নীতেশ তিওয়ারি পরিচালিত ছবিটির চার মিনিট ৯ সেকেন্ডের ট্রেলার। ট্রেলারে রাম-রাবণের দ্বন্দ্ব, অযোধ্যার রাজপ্রাসাদ, বনবাস, সীতাহরণ এবং যুদ্ধের প্রস্তুতি- সব মিলিয়ে মহাকাব্যিক আবহ ফুটে উঠেছে।

ট্রেলারের শুরুতেই ছায়া থেকে আবির্ভূত হন ইয়াশ অভিনীত রাবণ। এরপর রাজপুত্র রাম হিসেবে দেখা যায় রণবীর কাপুরকে। সীতা চরিত্রে সাই পল্লবী এবং লক্ষ্মণ চরিত্রে রবি দুবের উপস্থিতিও নজর কেড়েছে।

বিশাল যুদ্ধক্ষেত্র, অত্যাধুনিক ভিএফএক্স, পৌরাণিক আবহ এবং আন্তর্জাতিক মানের সিনেমাটোগ্রাফি ট্রেলারটিকে আলাদা মাত্রা দিয়েছে। অস্কারজয়ী ভিজ্যুয়াল ইফেক্ট স্টুডিও DNEG ছবিটির ভিএফএক্স নির্মাণ করেছে। পাশাপাশি এ আর রহমান ও হ্যান্স জিমারের যৌথ সংগীত আয়োজনও দর্শকদের মুগ্ধ করেছে।

Advertisement

তবে প্রশংসার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেলারটি নিয়ে সমালোচনাও দেখা গেছে। অনেকেই ভিএফএক্স, কিছু চরিত্রের উপস্থাপন এবং পৌরাণিক কাহিনির নির্দিষ্ট কিছু দৃশ্যের নির্মাণশৈলী নিয়ে প্রশ্ন তুলেছেন।

আবার অনেকের মতে, ট্রেলারের কিছু অংশে হলিউডধাঁচের উপস্থাপনা ভারতীয় পৌরাণিক আবহের সঙ্গে পুরোপুরি মানানসই হয়নি।

অন্যদিকে ছবির সমর্থকদের দাবি, এটি কেবল ট্রেলার। পুরো সিনেমা মুক্তির আগে চূড়ান্ত মন্তব্য করা ঠিক হবে না। তাদের মতে, ভারতীয় সিনেমাকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার লক্ষ্যেই নির্মাতারা আধুনিক প্রযুক্তি ও নতুন উপস্থাপনার পথ বেছে নিয়েছেন।

সম্প্রতি দিল্লিতে আয়োজিত ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রণবীর কাপুর, ইয়াশ, সাই পল্লবী ও রবি দুবে। সেখানে ইয়াশ বলেন, ‘এটি শুধু একটি সিনেমা নয়, ভারতের স্বপ্নের একটি প্রকল্প। আমরা সবাই একটাই লক্ষ্য নিয়ে কাজ করেছি- শ্রী রামের গল্পকে বৈশ্বিক দর্শকদের সামনে তুলে ধরা।’

Advertisement

নীতেশ তিওয়ারি পরিচালিত ও নমিত মালহোত্রা প্রযোজিত ‘রামায়ণ’ দুই পর্বে মুক্তি পাবে। প্রথম পর্ব মুক্তি পাবে দীপাবলি ২০২৬-এ এবং দ্বিতীয় পর্ব দীপাবলি ২০২৭-এ। ছবিতে রাম চরিত্রে রণবীর কাপুর, সীতা চরিত্রে সাই পল্লবী, রাবণ চরিত্রে ইয়াশ, হনুমান চরিত্রে সানি দেওল এবং লক্ষ্মণ চরিত্রে রবি দুবে অভিনয় করেছেন।

 

এলআইএ