বিনোদন

ভাইরাল সেই দৃষ্টি প্রতিবন্ধী মুকলেসুরের পাশে দাঁড়াবেন খায়রুল বাসার  

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী মুকলেসুর রহমান। একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদনে উঠে আসে, দৃষ্টিশক্তি হারিয়েও অন্যের কাছে হাত না পেতে গাছের ছাল ছাড়িয়ে উপার্জন করে নিজের ও বৃদ্ধা মায়ের ভরণপোষণ করছেন তিনি।

Advertisement

মুকলেসুরের জীবনসংগ্রামের সেই গল্প নাড়িয়ে দিয়েছে অভিনেতা খায়রুল বাসারকে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি মুকলেসুরের পাশে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন।

গত ২৫ জুলাই মোখলেসুরকে নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদন শেয়ার করে খায়রুল বাসার লেখেন, ‘মুকলেসুর রহমান আমার ভাই। আমি প্রতি মাসে অল্প করে হলেও আমার পরিবারের দায়িত্ব নিতে চাই। কেউ আমাকে এই পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ করে দিলে কৃতজ্ঞ থাকব।’

এরই মধ্যে মোখলেসুরের সঙ্গে যোগাযোগ হয়েছে বলেও জানিয়েছেন এই অভিনেতা। বর্তমানে তিনি দেশের বাইরে অবস্থান করছেন। দেশে ফিরেই মোখলেসুর ও তার পরিবারের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নেবেন বলে জানান।

Advertisement

শুক্রবার (৩১ জুলাই) মুকলেসুরকে নিয়ে প্রকাশিত আরেকটি প্রতিবেদনের মন্তব্যের ঘরে এক নেটিজেন খায়রুল বাসারকে মেনশন করলে তিনি জবাবে লেখেন, ‘কথা হয়েছে। দেশে ফিরে আমি ওনাদের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করব।’

মানবিক নানা উদ্যোগের জন্য এর আগেও প্রশংসিত হয়েছেন খায়রুল বাসার। সম্প্রতি কিশোরগঞ্জের কবর খননকারী মনু মিয়ার ঘোড়া হত্যার ঘটনা ভাইরাল হলে তিনি মনু মিয়ার জন্য নতুন একটি ঘোড়া কিনে দেওয়ার ইচ্ছার কথাও জানিয়েছিলেন।

 

এলআইএ

Advertisement