আন্তর্জাতিক

ইউক্রেনের পাঁচ জেলায় রাশিয়ার হামলায় নিহত ৯, আহত ২৮

ইউক্রেনের রাজধানী কিয়েভের পাঁচ জেলায় ভয়াবহ হামলা চালিয়েছে রুশ বাহিনী। রাশিয়ার হামলায় অন্তত ৯ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) এ তথ্য জানিয়েছেন কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো। উদ্ধার অভিযান এখনও চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisement

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ক্লিচকো বলেন, শত্রুপক্ষের (রাশিয়া) হামলায় রাজধানীতে নয়জন নিহত হয়েছেন। আহতদের মধ্যে চারজন শিশু রয়েছে। আহত শিশুদের তিন জনের বয়স ১৩, ১৪ ও ১৭ বছর।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় কিয়েভের পাঁচটি জেলায় অগ্নিকাণ্ড ও ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে ১৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা ঘটনাস্থলেই বা বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন।

হামলার পর ঘটনাস্থলে তদন্তকারী দল, বোমা নিষ্ক্রিয়কারী বিশেষজ্ঞ, উদ্ধারকর্মী, চিকিৎসক ও মনোবিদরা কাজ করছেন। আইনশৃঙ্খলা বাহিনী হামলার ক্ষয়ক্ষতি নথিভুক্ত করছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষ এ ঘটনাকে রাশিয়ার আরেকটি যুদ্ধাপরাধ বলে উল্লেখ করেছে।

Advertisement

এদিকে, ইউক্রেনের বিমান বাহিনী দাবি করেছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার ছোড়া একটি ‘ইস্কান্দার-এম’/এস-৪০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, একটি কেএইচ-৫৯/কেএইচ-৬৯ আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং ১৫৪টি ড্রোন ভূপাতিত করেছে।

ইউক্রেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইউক্রেনিফর্ম জানিয়েছে, শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ড্রোন এবং আকাশ ও স্থলভিত্তিক বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়।

ইউক্রেনীয় বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, হামলার প্রধান লক্ষ্য ছিল কিয়েভ অঞ্চল। তবে, দনিপ্রোপেত্রোভস্ক, সুমি, খারকিভ ও পোলতাভা অঞ্চলেও হামলা চালানো হয়।

কেএম 

Advertisement