চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রাথমিক দলে ছিলেন না উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস। তবে পুনর্বাসন প্রক্রিয়ায় প্রত্যাশার চেয়ে দ্রুত উন্নতি হওয়ায় শেষ মুহূর্তে তাকে প্রথম টেস্টের স্কোয়াডে যুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক বিজ্ঞপ্তিতে এটা নিশ্চিত করেছে বিসিবি।
Advertisement
ফিটনেসে ছাড়পত্র পাওয়ার পর ডানহাতি এই উইকেটকিপার-ব্যাটার অস্ট্রেলিয়ার ডারউইনে দলের সঙ্গে যোগ দেবেন। সবকিছু ঠিক থাকলে শনিবার (২ আগস্ট) দেশ ছেড়ে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।
আজ শনিবার বিসিবি তাদের বিবৃতিতে জানায়, বাম পায়ের কাফের চোট থেকে সেরে ওঠায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য বাংলাদেশের দলে অন্তর্ভুক্ত হয়েছেন লিটন কুমার দাস। আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট।
একই বিবৃতিতে আরও জানানো হয়, চোটের কারণে গত জুন মাস থেকে মাঠের বাইরে ছিলেন ৩১ বছর বয়সী এই ব্যাটার। তবে পুনর্বাসন প্রক্রিয়ায় সন্তোষজনক অগ্রগতি হওয়ায় তাকে প্রথম টেস্টের জন্য বিবেচনায় রাখা হয়েছে। রোববার তিনি ডারউইনের উদ্দেশে রওনা হবেন এবং সেখানে গিয়ে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন।
Advertisement
অস্ট্রেলিয়া সফরে আগামী ৬ থেকে ৮ আগস্ট ডারউইনের ডিএক্সসি অ্যারেনায় ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১৩ থেকে ১৭ আগস্ট ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ২২ থেকে ২৬ আগস্ট ম্যাকের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের সংশোধিত টেস্ট স্কোয়াডনাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, অমিত হাসান, জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মুশফিক হাসান এবং লিটন কুমার দাস।
এসকেডি/এমএমআর
Advertisement