কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী ক্যাম্পেইন চলাকালে হামলার ঘটনায় গোলজার হোসেন (৪৭) নামে একজন আহত হয়েছেন। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় অভিযোগ করা হয়েছে।
Advertisement
শনিবার (১ আগস্ট) দুপুরে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের সরকারপাড়া মাদরাসা মোড়ে এলাকাবাসী ও সুধীসমাজের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করা হয়। তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামানের নেতৃত্বে কর্মসূচিতে অংশ নেওয়া শতাধিক মানুষ এলাকায় মাদকের কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টি করেন।
অভিযোগে বলা হয়েছে, কর্মসূচি শেষের পথে ওই এলাকার চিহ্নিত মাদক কারবারি নাছির উদ্দিন (৫২) ও তার তিন ছেলে রমজান আলী (৩২), হযরত আলী (২৮) এবং কফিল উদ্দিন (২০) লাঠিসোঁটা নিয়ে ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের ওপর হামলা চালান। এতে গোলজার হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
Advertisement
এ ঘটনায় শুক্রবার রাতেই আহত গোলজার হোসেন চারজনের বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় লিখিত অভিযোগ করেন।
আরও পড়ুন ক্রেতা সেজে অভিযান / মাদক কারবারিদের হামলায় আহত পাঁচ পুলিশ, গ্রেফতার দুইপ্রত্যক্ষদর্শী আমিনুর রহমান, আলম মিয়া, মাসুদ রানা ও আলতাফ হোসেন জানান, অভিযুক্ত পরিবারটি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত। তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বলেন, মাদকবিরোধী ক্যাম্পেইন শেষে ফেরার পথে আমার সামনেই হামলার ঘটনাটি ঘটে। এটি অত্যন্ত দুঃখজনক। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Advertisement
রোকনুজ্জামান মানু/এসজেডএইচ/এএসএম