লাইফস্টাইল

আজ জাতীয় প্রেমিকা দিবস, সম্পর্কে নতুন উষ্ণতা আনুন

আজ জাতীয় প্রেমিকা দিবস। প্রতি বছর ১ আগস্ট অনানুষ্ঠানিকভাবে দিনটি পালিত হয়। এটি কোনো সরকারি ছুটির দিন বা আন্তর্জাতিকভাবে স্বীকৃত দিবস না হলেও, ভালোবাসার মানুষকে বিশেষ অনুভূতি দেওয়ার উপলক্ষ হিসেবে দিনটি বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে ২০০০-এর দশকের মাঝামাঝি সময় থেকে দিবসটির প্রচলন শুরু হয়। বিশেষ করে ২০১৪ সালের পর এটি তরুণ প্রজন্মের কাছে আরও পরিচিতি পায়।

Advertisement

অনেকেই মনে করেন, ভালোবাসা প্রকাশের জন্য আলাদা কোনো দিনের প্রয়োজন নেই। তবুও ব্যস্ত জীবনের মাঝে একটি দিন যদি প্রিয় মানুষটির মুখে হাসি ফোটানোর অজুহাত হয়ে ওঠে, তবে তাতে ক্ষতি কী? সম্পর্কের সবচেয়ে মূল্যবান উপহার সব সময় দামি কিছু নয়, বরং আন্তরিকতা, সময় আর যত্নই সবচেয়ে বেশি মনে থাকে।

সময় দিন, এটাই সবচেয়ে বড় উপহার

অনেক সময় একই শহরে থেকেও ব্যস্ততার কারণে একে অপরের সঙ্গে ঠিকমতো সময় কাটানো হয় না। তাই জাতীয় প্রেমিকা দিবসে কয়েক ঘণ্টা শুধু তার জন্য রাখুন। একসঙ্গে কফি পান, বিকেলের হাঁটা, প্রিয় কোনো জায়গায় ঘুরতে যাওয়া কিংবা শুধু গল্প করাও সম্পর্ককে নতুন করে প্রাণ দিতে পারে।

ছোট চমকও ভালোবাসার স্মৃতি হয়ে থাকে দীর্ঘদিন

Advertisement

একটি চিঠি লিখুন

ডিজিটাল যুগে হাতে লেখা চিঠির আবেদন আলাদা। আপনার অনুভূতি, প্রথম দেখা, একসঙ্গে কাটানো স্মৃতি কিংবা ভবিষ্যতের স্বপ্ন-এসব নিয়ে ছোট্ট একটি চিঠি লিখে দিতে পারেন। এমন উপহার বছরের পর বছর যত্ন করে রেখে দেওয়ার মতো।

ছোট সারপ্রাইজ দিন

বড় আয়োজন না করেও চমক দেওয়া যায়। ভালোবাসা প্রকাশের সবচেয়ে সুন্দর উপহারগুলোর মধ্যে রয়েছে এক তোড়া তাজা ফুল আর চকলেট। ক্লাসিক হলেও এই উপহারের আবেদন কখনো ফুরায় না। প্রিয় মানুষটির পছন্দের ফুলের তোড়ার সঙ্গে এক বক্স চকলেট বা তার প্রিয় স্বাদের একটি সুন্দর কেক, তাহলে মুহূর্তেই দিনটি হয়ে উঠতে পারে আরও স্মরণীয়। এছাড়া পছন্দের বই বা একটি ছোট স্মারক উপহার দিতে পারেন। এমনকি অফিস বা বিশ্ববিদ্যালয়ে হঠাৎ দেখা করাও হতে পারে সুন্দর একটি সারপ্রাইজ।

একসঙ্গে স্মৃতি তৈরি করুন

শুধু উপহার নয়, নতুন অভিজ্ঞতাও হতে পারে বিশেষ উপহার। একসঙ্গে রান্না করা, সিনেমা দেখা, কোনো প্রদর্শনী ঘুরে দেখা বা ছোট্ট একটি ডে-ট্রিপ-এসব মুহূর্ত সম্পর্ককে আরও কাছাকাছি নিয়ে আসে। ভবিষ্যতে এই স্মৃতিগুলোই সবচেয়ে মূল্যবান হয়ে থাকবে।

সামাজিক যোগাযোগমাধ্যম নয়, ব্যক্তিগত মুহূর্তকে গুরুত্ব দিন

অনেকে এই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বা স্ট্যাটাস শেয়ার করেন। সেটি করতে পারেন, তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো ব্যক্তিগতভাবে ভালোবাসা প্রকাশ করা। একটি আন্তরিক প্রশংসা, ধন্যবাদ কিংবা ‌তোমাকে পেয়ে আমি ভাগ্যবান'-এমন কয়েকটি বাক্য অনেক বেশি অর্থবহ হতে পারে।

Advertisement

বাড়িতেই হতে পারে সবচেয়ে সুন্দর ডেট নাইট

তার পছন্দকে গুরুত্ব দিন

আজকের পরিকল্পনাটি আপনার নয়, বরং তার পছন্দ অনুযায়ী করুন। তিনি যদি শান্ত পরিবেশ পছন্দ করেন, তবে নিরিবিলি কোথাও সময় কাটান। আবার যদি ঘুরে বেড়াতে ভালোবাসেন, তবে সেই অনুযায়ী পরিকল্পনা করুন। ভালোবাসার অন্যতম প্রকাশ হলো প্রিয় মানুষের পছন্দকে সম্মান করা।

সম্পর্কে কৃতজ্ঞতা প্রকাশ করুন

অনেক সময় আমরা ভালোবাসি বলি, কিন্তু ধন্যবাদ বলতে ভুলে যাই। সম্পর্কের সুখ-দুঃখে পাশে থাকার জন্য, আপনাকে অনুপ্রাণিত করার জন্য কিংবা ছোট ছোট যত্নের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন। এতে সম্পর্ক আরও আন্তরিক ও দৃঢ় হয়।

আরও পড়ুন আন্দোলনের ময়দানে প্রেম, এটাই এখন ট্রেন্ড দিনটি শুধু উদযাপন নয়, সম্পর্কের নতুন শুরু

জাতীয় প্রেমিকা দিবস শুধু উপহার বিনিময়ের দিন নয়। এটি হতে পারে ভুল বোঝাবুঝি দূর করার, সম্পর্কে নতুন উদ্যম আনার কিংবা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলারও একটি সুন্দর উপলক্ষ। ভালোবাসা টিকে থাকে নিয়মিত যত্ন, সম্মান এবং আন্তরিক যোগাযোগের মাধ্যমে।

আরও পড়ুন বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে ৩-৩-৩ নীতি কেন জরুরি

তাই আজ যদি আপনার জীবনে বিশেষ কেউ থাকেন, তবে তাকে বুঝিয়ে দিন-তিনি আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ। হয়তো একটি ছোট হাসি, একটি আন্তরিক আলিঙ্গন বা কয়েকটি ভালোবাসার কথাই হয়ে উঠবে তার দিনের সবচেয়ে সুন্দর উপহার।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অব ইন্ডিয়া 

এসএকেওয়াই