দেশজুড়ে

তৃণমূলের ক্রীড়া প্রতিভা তুলে আনাই প্রধানমন্ত্রীর লক্ষ্য

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, একটি সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বাস করেন খেলাধুলার বিকল্প নেই। তাঁর নেতৃত্বেই সরকার ক্রীড়াক্ষেত্রকে জাতীয় উন্নয়নের অন্যতম অনুষঙ্গ হিসেবে জোর দিচ্ছে। তৃণমূল থেকে নতুন ক্রীড়া প্রতিভা তুলে আনাই প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য।

Advertisement

শনিবার (১ আগস্ট) বেলা ১১টায় শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিবগঞ্জ উপজেলার সব স্কুল, কলেজ ও মাদরাসার প্রতিষ্ঠান প্রধান এবং শারীরিক শিক্ষা শিক্ষকদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

মীর শাহে আলম বলেন, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ কেবল একটি সাধারণ ফুটবল টুর্নামেন্ট নয়, এটি গ্রাম ও শহরের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার একটি জাতীয় উদ্যোগ। শিক্ষার্থীরা যেন নিজেদের প্রতিভা বিকাশের সমান সুযোগ পায়, তা নিশ্চিত করতেই এ আয়োজন।

Advertisement

তরুণদের সঠিক পথে রাখার তাগিদ দিয়ে প্রতিমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের প্রতিটি উপজেলায় খেলাধুলার উপযুক্ত পরিবেশ তৈরি, খেলার মাঠ সংরক্ষণ এবং তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। একই সঙ্গে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরির লক্ষ্য বাস্তবায়নে সরকার ধারাবাহিকভাবে পদক্ষেপ নিচ্ছে।

আরও পড়ুন এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান

আসন্ন ফুটবল প্রতিযোগিতাটি সফল করতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় প্রশাসনের সার্বিক সহযোগিতা আহ্বান জানান তিনি। অনুষ্ঠান শেষে তিনি উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে একটি করে ফুটবল তুলে দেন।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান শাহিন, প্রতিমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা কমিটির আহ্বায়ক অধ্যাপক নজরুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল আলম।

প্রধান শিক্ষক হারুনুর রশিদ ও প্রধান শিক্ষক তাজুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Advertisement

এনএইচআর/এএসএম