সোশ্যাল মিডিয়া

তুষারধসে পর্বতারোহী কিলি পেম্বা শেরপার মৃত্যুতে শোকাহত শাকিল

পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার ব্রড পিক শৃঙ্গে ঘটা ভয়াবহ তুষারধসে ১০ পর্বতারোহীই মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। ৩০ জুলাই দুপুরের দিকে ৮,০৪৭ মিটার উচ্চতার এই পর্বতে তুষারধসের ঘটনা ঘটে। বাংলাদেশি এভারেস্টজয়ী পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

Advertisement

৩১ জুলাই রাত ৮টা ১০ মিনিটে এবং ১ আগস্ট বিকেল ৩টা ৪ মিনিটে নিজের ফেসবুক প্রোফাইলে দুটি পোস্টের মাধ্যমে তিনি শোক প্রকাশ করেন। এমনকি নিহত পর্বতারোহী কিলি পেম্বা শেরপাকে নিয়ে স্মৃতিচারণ করেন।

আরও পড়ুন গ্যারিসনের পাশে দাঁড়ানোর আহ্বান কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার

প্রথম পোস্টে শাকিল লিখেছেন, ‘পাকিস্তানের ব্রড পিকে তুষারধসে ১০ জন পর্বতারোহীই মারা গেছেন। নিহতদের মধ্যে নির্মল পুর্জাও (নিমস দাই) রয়েছেন। শুধু পাকিস্তানি পর্বতারোহী সোহাইল সাখি এখনো নিখোঁজ। তার মরদেহ খুঁজে বের করে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে অনুসন্ধানকারী দল। তবে নিহতদের সবার পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।’

পরের পোস্টে তিনি লিখেছেন, ‘পাকিস্তানের ব্রড পিকে তুষারধসে যে ১০ জন পর্বতারোহী নিখোঁজ হয়েছেন, তাদের মধ্যে অন্যতম বিশ্বখ্যাত ও অভিজ্ঞ পর্বতারোহী কিলি পেম্বা শেরপা কিলু। যিনি ছিলেন হিমালয়ের এক পাথুরে গুহাবাসী। তার শৈশব কেটেছে পরিবারের সাথে বড় এক পাথরের গুহায়। যে গুহার মুখে দাঁড়িয়ে শ্বেতশুভ্র পর্বতকে ঈশ্বর মেনে প্রার্থনা করেছে। সেই পর্বতই তাকে বিশ্বখ্যাত করেছে, কিংবদন্তি বানিয়েছে এবং ক্ষতবিক্ষত করেছে...’

Advertisement

আরও পড়ুন কে হবেন রাষ্ট্রপতি, যাদের নিয়ে চলছে আলোচনা

তিনি লিখেছেন, ‘তাকে নিয়ে অনেক অনেক লেখার আছে আমার। অসংখ্য অভিজ্ঞতা ও স্মৃতি জমা হয়ে আছে। তবে এখন আর লিখতে পারছি না, হাত কাঁপছে... কিলি যখন তার এই প্রিয় গুহাঘরে স্মৃতি রোমন্থন করে দেখাচ্ছিলেন এবং শৈশবের গল্পে হারিয়ে যাচ্ছিলেন; ঠিক তখন এই ছবিটা তুলেছিলাম।’

এসইউ