ক্যাম্পাস

শিক্ষার্থীদের জন্য ইন্ডাস্ট্রিতে পেইড ইন্টার্নশিপ চালু করা হবে

শিক্ষার্থীদের কর্মমুখী করতে আগামী ৫ বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোতে বাধ্যতামূলক পেইড ইন্টার্নশিপ চালু করার পরিকল্পনার কথা জানিয়েছেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। তিনি বলেছেন, ‘শিক্ষাজীবনের অংশ হিসেবে শিক্ষার্থীদের ২ থেকে ৪ মাসের জন্য বিভিন্ন ইন্ডাস্ট্রিতে (উৎপাদন খাত, সেবা খাত, সফ্‌টওয়্যার হাউস, হাসপাতাল ইত্যাদি) হাতে-কলমে শেখার সুযোগ দেওয়া হবে। ইন্টার্নশিপ চলাকালীন শিক্ষার্থীরা নিশ্চিতভাবে আর্থিক সুবিধাও পাবে।

Advertisement

শনিবার (১ আগস্ট) ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সেন্ট্রাল ওরিয়েন্টেশন প্রোগ্রামে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় শুধুমাত্র সনদ অর্জনের জায়গা নয়, একই সঙ্গে এখান থেকে অর্জন করতে হবে বাস্তবমুখী দক্ষতা। আগামী দিনে বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে শিক্ষার্থীরা যেন কাজের বাজারে নিজেদের চাহিদা ও প্রয়োজন অনুযায়ী সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ পায়, সে লক্ষ্যেই কাজ চলছে।’

শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘কারিকুলাম বা এক্সট্রা-কারিকুলামের অংশ হিসেবে প্রত্যেক শিক্ষার্থীর জন্য সফট স্কিলস অর্জন নিশ্চিত করা হবে। শিক্ষার্থীরা যে বিষয়েই পড়াশোনা করুক না কেন, তাদের ডিজিটাল লিটারেসি, কমিউনিকেশন স্কিলস (বাংলা ও ইংরেজির পাশাপাশি প্রয়োজনে তৃতীয় কোনো ভাষায় যোগাযোগ দক্ষতা) এবং সমস্যা সমাধানের জন্য ‌‘ক্রিটিক্যাল থিংকিং’ শেখানো হবে। খুব শিগগিরই সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এ প্রশিক্ষণকার্যক্রম শুরু হবে।’

Advertisement

ক্যাম্পাসের আধুনিকায়ন ও প্রযুক্তিগত সুবিধা প্রসঙ্গে অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, ‘দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ডিজিটালি রূপান্তর করার কাজ চলছে। এর মাধ্যমে ক্লাসরুম, হল ও হোস্টেলসহ ক্যাম্পাসের প্রতিটি কোণায় শিক্ষার্থীরা উচ্চগতিরইন্টারনেট ও ওয়াই-ফাই সংযোগের আওতায় আসবে।’

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এসময় বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. মাহ্‌দী আমিন, ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সমন্বয়ক ও ওরিয়েন্টেশন বক্তা প্রফেসর ড. এস এম আব্দুল আওয়াল, ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন ও ট্রেজারার অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী, মালয়েশিয়া-বাংলাদেশ উন্নয়ন ও বাণিজ্য সম্পর্ক অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক মাহবুব আলম শাহ্।

এছাড়া ইবির ট্রেজারার অধ্যাপক ড. মনজুরুল হকসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও দুই-সহস্রাধিক নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ইরফান উল্লাহ/কেএইচকে/এএসএম

Advertisement