দেশজুড়ে

নারায়ণগঞ্জে বিএনপি-জামায়াতের মিছিলে উত্তেজনা, মুখোমুখি অবস্থান

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একই সময়ে পাল্টাপাল্টি মিছিলকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে দুই পক্ষের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেন। তবে পুলিশের মধ্যস্থতায় বড় ধরনের কোনো সংঘাত হয়নি।

Advertisement

শনিবার (১ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আড়াইহাজার বাজার এলাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। এদিন বিএনপি ও জামায়াতে ইসলামীর পাল্টাপাল্টি মিছিল ও উত্তেজনাকর পরিস্থিতি সামাল দিতে আড়াইহাজার বাজার এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। পুলিশ সদস্যরা দুই মিছিলের মাঝামাঝি অবস্থান বজায় রেখে বড় ধরনের সংঘর্ষ এড়াতে সক্ষম হন।

আরও পড়ুন গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয়: জামায়াত আমির

স্থানীয়রা জানান, বিকেলে আড়াইহাজার বাজার এলাকায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা মিছিল বের করেন। একই সময় বিএনপির নেতাকর্মীরাও পৃথক মিছিল নিয়ে সেখানে উপস্থিত হন। দুই মিছিল কাছাকাছি চলে আসলে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই পক্ষের মাঝে অবস্থান নেয় পুলিশ।

এসময় বিএনপির মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য লুৎফর রহমান আব্দু, উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূইয়া ও সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ। জামায়াতের মিছিলে নেতৃত্ব দেন জেলা জামায়াতের আমির মুমিনুর হক সরকার, সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপক ইলিয়াস মোল্লা এবং আড়াইহাজার উত্তর শাখার আমির মাওলানা মনিরুল ইসলাম।

Advertisement

কর্মসূচির বিষয়ে জামায়াত নেতা অধ্যাপক ইলিয়াস মোল্লা বলেন, এটি আমাদের পূর্বঘোষিত কর্মসূচি ছিল। বিএনপি মূলত আমাদের কর্মসূচিতে বাধা দেওয়ার উদ্দেশ্যেই আজ মাঠে নামে। তবে আমরা কোনো ধরনের সংঘাতের দিকে যাইনি।

আরও পড়ুন নারায়ণগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা

তবে জামায়াতের এই দাবি অস্বীকার করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ বলেন, আমরা আমাদের আগেই নির্ধারিত কর্মসূচি পালন করতে মাঠে নেমেছিলাম। আমরা কারও কোনো উসকানিতে পা দেইনি।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ দুই দলের মিছিলের মাঝে অবস্থান নিয়েছিল। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং উভয় পক্ষই নিজ নিজ কর্মসূচি শেষ করে স্থান ত্যাগ করেছে।

মোবাশ্বির শ্রাবণ/কেএসআর

Advertisement