লাইফস্টাইল

প্রাক্তন যদি হঠাৎ ফিরে আসে, কী করবেন

ভালোবাসার সব গল্প একসঙ্গে শেষ হয় না। কিছু সম্পর্ক শেষ হয়ে যায়, কিন্তু অনুভূতিগুলো থেকে যায়। সময় বদলায়, মানুষ বদলায়, জীবনে আসে নতুন সম্পর্ক। তবুও কোনো পুরোনো গান, কোনো চেনা রাস্তা, প্রিয় কোনো গন্ধ কিংবা একটি অপ্রত্যাশিত দেখার মুহূর্তেই ফিরিয়ে নিয়ে যেতে পারে অনেক বছর আগের সেই মানুষটির কাছে।

Advertisement

ঠিক যেমন দেখা যায় ‘মুসাফির ক্যাফে’-এর চন্দর চরিত্রে। অনেক বছর পর হারিয়ে যাওয়া ভালোবাসা সামনে এসে দাঁড়ায়। তখন মনে হয় পুরোনো অনুভূতির কাছে হার মানা উচিত, নাকি বর্তমান জীবনকেই গুরুত্ব দেওয়া উচিত? বাস্তব জীবন কিন্তু সিনেমার চেয়ে অনেক বেশি জটিল। তাই এমন পরিস্থিতিতে আবেগ নয়, প্রয়োজন সচেতন সিদ্ধান্ত।

মুসাফির ক্যাফেতে চন্দর প্রাক্তনকে ভুলতে পারিনি

সব ভালোবাসার শেষ এক হয় না

একসময় দু'জন মানুষ হয়তো একে অপরকে ছাড়া জীবন কল্পনাই করতে পারতেন না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় স্বপ্ন, দায়িত্ব, অগ্রাধিকার আর জীবনযাত্রা। অনেক সম্পর্ক ভাঙে ভালোবাসা কমে যাওয়ার কারণে নয়, বরং দু'জন মানুষের জীবন আলাদা পথে এগিয়ে যাওয়ার কারণে। তাই বিচ্ছেদ মানেই সব অনুভূতির মৃত্যু নয়। অনেক সময় মানুষ চলে যায়, কিন্তু স্মৃতিগুলো থেকে যায় মনের এমন এক কোণে, যেখানে আর কেউ পৌঁছাতে পারে না।

Advertisement

প্রাক্তনকে দেখে আবেগ জাগা স্বাভাবিক

অনেক বছর পর হঠাৎ কোনো প্রাক্তনের সঙ্গে দেখা হলে বুকের ভেতর অদ্ভুত এক অনুভূতি তৈরি হতে পারে। পুরোনো স্মৃতি মনে পড়া, নস্টালজিক হয়ে যাওয়া কিংবা কিছুক্ষণের জন্য আবেগপ্রবণ হয়ে পড়া খুব স্বাভাবিক মানবিক প্রতিক্রিয়া। তবে সেই মুহূর্তের আবেগকে জীবনের বাস্তব সিদ্ধান্তে পরিণত করা সবসময় বুদ্ধিমানের কাজ নয়।

সব স্মৃতিকে জীবনে ফিরিয়ে আনতে হয় না

নিজের কাছে সৎ হতে হবে

প্রাক্তনের সঙ্গে দেখা হওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি অন্য কাউকে নয়, নিজেকেই করতে হবে। আপনি কি সত্যিই এখনও তাকে ভালোবাসেন? নাকি শুধু অতীতের সুন্দর সময়গুলোই আপনাকে আবেগপ্রবণ করে তুলছে? মনোবিজ্ঞানীরা বলেন, অনেক সময় মানুষ প্রাক্তনকে নয়, বরং তার সঙ্গে কাটানো সুখের সময়টাকেই মিস করেন। এই দুই অনুভূতির মধ্যে পার্থক্য বোঝা খুব জরুরি।

বর্তমান সম্পর্ককে ভুলে যাবেন না

যদি আপনার জীবনে বর্তমানে একজন সঙ্গী থাকেন, তাহলে তার প্রতি দায়বদ্ধতার বিষয়টি সবচেয়ে আগে ভাবা প্রয়োজন। এক মুহূর্তের আবেগে বর্তমান সম্পর্ককে উপেক্ষা করা ভবিষ্যতে আরও বড় সমস্যার কারণ হতে পারে। বিশ্বাস একবার ভেঙে গেলে তা ফিরিয়ে আনা সহজ নয়। তাই পুরোনো সম্পর্কের প্রতি সম্মান দেখানোর পাশাপাশি বর্তমান সম্পর্কের প্রতিও সমান দায়িত্বশীল থাকা জরুরি।

Advertisement

বন্ধুত্ব রাখাতে সীমারেখা প্রয়োজন

সব বিচ্ছেদ শত্রুতার মাধ্যমে শেষ হয় না। অনেকেই পরবর্তীতে সৌজন্যপূর্ণ বন্ধুত্ব বজায় রাখেন। তবে সেই বন্ধুত্ব যেন অতীতের অসমাপ্ত সম্পর্ককে আবার জাগিয়ে না তোলে, সেদিকে সতর্ক থাকতে হবে। প্রয়োজনে যোগাযোগ সীমিত রাখুন। পুরোনো স্মৃতি নিয়ে দীর্ঘ আলোচনা, নিয়মিত ব্যক্তিগত আলাপ কিংবা আবেগঘন কথোপকথন বর্তমান সম্পর্ককে অস্বস্তিতে ফেলতে পারে।

প্রাক্তন কী চাইছেন, সেটাও গুরুত্বপূর্ণ

শুধু নিজের অনুভূতি নয়, প্রাক্তনের অবস্থানও বোঝা প্রয়োজন। তিনি হয়তো শুধুই সৌজন্যপূর্ণ সম্পর্ক রাখতে চান। আবার তিনিও হয়তো নতুন জীবনে অনেক দূর এগিয়ে গেছেন। অন্যের বর্তমান জীবন, সম্পর্ক ও ব্যক্তিগত সীমারেখাকে সম্মান করা পরিণত মানসিকতার পরিচয়।

আরও পড়ুন বোনের সঙ্গে বেড়ে ওঠা শিশুদের আত্মবিশ্বাস বেশি থাকে সব গল্প নতুন করে শুরু হয় না

সিনেমায় পুরোনো প্রেম ফিরে এসে নতুন সমাপ্তি লিখতে পারে। কিন্তু বাস্তব জীবনে প্রতিটি ফিরে আসাই নতুন সম্পর্কের ইঙ্গিত নয়। কখনো কখনো কিছু মানুষের জীবনে ফিরে আসার উদ্দেশ্য শুধু এটুকুই-আপনি যেন বুঝতে পারেন, আপনি অতীতকে অতিক্রম করে অনেক দূর এগিয়ে এসেছেন।

আরও পড়ুন বন্ধুত্ব ভাঙার কষ্ট কি প্রেমের বিচ্ছেদের চেয়েও বেশি

ভালোবাসা কখনো হারিয়ে যায় না, তবে তার রূপ বদলে যায়। তাই প্রাক্তনের সঙ্গে হঠাৎ দেখা হলে সিদ্ধান্ত নিন আবেগ দিয়ে নয়, নিজের বর্তমান জীবন, মূল্যবোধ এবং ভবিষ্যতের কথা ভেবেই। কারণ সব ফিরে আসা মানুষকে আবার জীবনে জায়গা দিতে হয় না। কিছু মানুষ স্মৃতিতে সুন্দর হয়ে থাকে।

সূত্র: মিডিয়াম, উইকিহাউ

এসএকেওয়াই