জাতীয়

বাংলাদেশে গাড়িচালকদের জন্য উবারের হাইব্রিড সাবস্ক্রিপশন চালু

বাংলাদেশে গাড়িচালকদের জন্য হাইব্রিড সাবস্ক্রিপশন সুবিধা চালুর ঘোষণা দিয়েছে রাইড-শেয়ারিং প্ল্যাটফর্ম উবার। নতুন এ ব্যবস্থায় চালকরা সময়ভিত্তিক অথবা আয়ভিত্তিক—দুই ধরনের সাবস্ক্রিপশন পাসের মধ্যে যেকোনো একটি বেছে নিতে পারবেন।

Advertisement

রোববার (২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের শুরুতে মোটরসাইকেল চালকদের জন্য হাইব্রিড সাবস্ক্রিপশন চালুর পর এবার গাড়িচালকদের জন্যও একই সুবিধা চালু করা হয়েছে। প্রতিষ্ঠানটির ভাষ্য, স্থানীয় চালকদের চাহিদার ভিত্তিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে ফুল-টাইম ও পার্ট-টাইম—উভয় ধরনের চালক নিজেদের সুবিধামতো প্ল্যাটফর্মটি ব্যবহার করতে পারেন।

উবারের দাবি, নতুন সাবস্ক্রিপশন ব্যবস্থার ফলে চালকরা প্রয়োজন অনুযায়ী প্যাকেজ বেছে নেওয়ার সুযোগ পাবেন। এতে তারা আরও বেশি ট্রিপ সম্পন্ন করতে উৎসাহিত হবেন, যা যাত্রীদের জন্যও গাড়ির প্রাপ্যতা বাড়াতে সহায়ক হতে পারে।

Advertisement

আরও পড়ুন যাত্রীদের জন্য বাংলাদেশে ‘উবার ওয়ান’ মেম্বারশিপ চালু

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হাইব্রিড সাবস্ক্রিপশন ব্যবহারকারী চালকরা প্রতিটি ট্রিপে ‘০ শতাংশ কমিশন’ সুবিধা পাবেন। অর্থাৎ ট্রিপ থেকে অর্জিত অর্থের ওপর কমিশন কাটা হবে না; তবে চালকদের নির্ধারিত সাবস্ক্রিপশন ফি পরিশোধ করতে হবে। প্রতিষ্ঠানটির দাবি, এ ব্যবস্থার ফলে নতুন চালকদের প্ল্যাটফর্মে যুক্ত হওয়া সহজ হবে এবং তাদের আয়ের সুযোগও বাড়বে।

উবার আরও জানায়, তাদের অ্যাপে প্রতিটি ট্রিপে জিপিএস ট্র্যাকিং, ভাড়া নির্ধারণের স্বচ্ছ ব্যবস্থা এবং অ্যাপ থেকেই জরুরি সহায়তা নেওয়ার সুবিধা রয়েছে।

উবার বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার রেদোয়ান রেজভী বলেন, মোটরসাইকেল চালকদের ইতিবাচক সাড়া পাওয়ার পর গাড়িচালকদের জন্যও হাইব্রিড সাবস্ক্রিপশন চালু করা হয়েছে। তার দাবি, এ ব্যবস্থার মাধ্যমে চালকরা নিজেদের প্রয়োজন অনুযায়ী সাবস্ক্রিপশন বেছে নেওয়ার সুযোগ পাবেন, যা তাদের আয়ের ক্ষেত্রে সহায়ক হবে। একই সঙ্গে যাত্রীদের জন্য নিরাপদ ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করতেও এটি ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরও পড়ুন অ্যাপের চেয়ে ‘খ্যাপে’ খুশি রাইডাররা

সংবাদ বিজ্ঞপ্তিতে উবার দাবি করেছে, এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে অ্যাপভিত্তিক রাইড-শেয়ারিং সেবাকে আরও কার্যকর, নিরাপদ ও স্বচ্ছ করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Advertisement

ইএইচটি/এসএইচএস