দেশজুড়ে

বগুড়ায় ভেঙে ফেলা হলো ঝুঁকিপূর্ণ সমাগম মার্কেট

বগুড়া শহরের সাতমাথা স্টেশন রোডে অবস্থিত ঝুঁকিপূর্ণ ও ব্যবহারের অনুপযোগী ঘোষিত সমাগম মার্কেটের ভবন ভেঙে ফেলেছে বগুড়া সিটি করপোরেশন।

Advertisement

রোববার (২ আগস্ট) বিকেলে প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম। অভিযানে জেলা পুলিশ, সিটি করপোরেশনের কর্মী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন লক্ষ্মীপুরে গ্যাস না পেয়ে চালকদের সড়ক অবরোধ

দীর্ঘদিন পর ভবনটি অপসারণের কারণ জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম বলেন, জননিরাপত্তার কথা বিবেচনায় ভবনটিকে ঝুঁকিপূর্ণ ও ব্যবহারের অনুপযোগী ঘোষণা করা হয়েছিল। এরপর সিটি করপোরেশনের পক্ষ থেকে ব্যবসায়ীদের লিখিত নোটিশ দেওয়ার পাশাপাশি মৌখিকভাবেও দ্রুত দোকান খালি করে স্থান ত্যাগের নির্দেশনা দেওয়া হয়।

সমাগম মার্কেটে প্রায় ৪০ বছর ধরে ব্যবসা পরিচালনা করে আসা সরকার মোটরসের স্বত্বাধিকারী মেহেদী হাসান বলেন, প্রায় পাঁচ বছর আগে বগুড়া পৌরসভা ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে আমাদের নোটিশ দিয়েছিল। কিন্তু আশপাশে উপযুক্ত দোকান না পাওয়ায় জীবনের ঝুঁকি নিয়েই ব্যবসা চালিয়ে যেতে বাধ্য হয়েছি। আজ ভবনটি ভেঙে ফেলা হলো। এর ফলে আমরা কর্মহীন হয়ে পড়েছি। আমাদের প্রত্যাশা, এখানে নতুন ভবন নির্মাণ করা হলে বর্তমান ব্যবসায়ীদের যেন অগ্রাধিকার ভিত্তিতে দোকান বরাদ্দ দেওয়া হয়।

Advertisement

আরও পড়ুন প্রযুক্তিনির্ভর স্টার্টআপ গড়তে তরুণদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

নিউ নর্থ বেঙ্গল মেশিনারিজের স্বত্বাধিকারী সেলিম বলেন, আমার দোকানে আমিসহ তিনজন শ্রমিক কাজ করতেন। ভবনটি ভেঙে ফেলার ফলে আজ থেকে আমরা কার্যত বেকার হয়ে গেলাম। আমাদের একমাত্র দাবি, দ্রুত নতুন ভবন নির্মাণ করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অগ্রাধিকার ভিত্তিতে দোকান বরাদ্দ দিয়ে পুনরায় ব্যবসা করার সুযোগ নিশ্চিত করা হোক।

কর্তৃপক্ষ জানায়, নির্ধারিত সময়ের মধ্যেই অধিকাংশ ব্যবসায়ী তাদের দোকানের মালামাল সরিয়ে নেন। পরবর্তীতে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে ভবন অপসারণের কাজ শুরু হয়।

এলবি/কেএসআর

Advertisement