দেশের ইন্টেরিয়র ডিজাইন খাতে সৃজনশীলতা, পেশাগত উৎকর্ষ এবং মানসম্মত কাজকে স্বীকৃতি দিতে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে আইডেব এক্সিলেন্স ইন ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ড-২০২৬। আগামী ৫ আগস্ট থেকে এ প্রতিযোগিতার জন্য আবেদন গ্রহণ শুরু হবে।
Advertisement
শনিবার (২ আগস্ট) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এ সময় অংশগ্রহণ, মূল্যায়ন প্রক্রিয়া ও আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরেন আয়োজকরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজনৈতিক পরিস্থিতির কারণে ২০২৪ সালের জন্য নির্ধারিত প্রথম আসরটি ২০২৫ সালে অনুষ্ঠিত হয়। ওই আয়োজনে আবাসিক, করপোরেট, রিটেইল ও হসপিটালিটি- এই চার বিভাগে মোট ১১৭টি প্রকল্প জমা পড়ে।
প্রথম আয়োজনের অভিজ্ঞতার ভিত্তিতে এবার আরও বড় পরিসরে প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে। পাশাপাশি বিচার প্রক্রিয়া, অংশগ্রহণ ব্যবস্থা ও সামগ্রিক আয়োজন আরও কার্যকর এবং আন্তর্জাতিক মানসম্পন্ন করতে বিভিন্ন পরিবর্তন আনা হয়েছে।
Advertisement
আয়োজকদের ঘোষণা অনুযায়ী, আগামী ৫ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত www.idabaward.com ওয়েবসাইটের মাধ্যমে প্রকল্প জমা দেওয়া যাবে।
আরও পড়ুন পররাষ্ট্র উপদেষ্টা / যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘সর্বোচ্চ মর্যাদায়’ দেখেবাংলাদেশের যে কোনো ইন্টেরিয়র ডিজাইনার ও স্থপতি তাদের সম্পন্ন করা প্রকল্প নির্ধারিত নিয়ম অনুসরণ করে অনলাইনে জমা দিতে পারবেন।
ওয়েবসাইটে প্রতিযোগিতার নির্দেশিকা, যোগ্যতার শর্ত, প্রয়োজনীয় কাগজপত্র, দেশি-বিদেশি জুরি বোর্ডের সদস্যদের পরিচিতি, মূল্যায়নের ধাপসহ প্রয়োজনীয় তথ্য প্রকাশ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ইন্টেরিয়র ডিজাইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইডেব) সভাপতি সৈয়দ কামরুল আহসান বলেন, গত তিন দশকে দেশের ইন্টেরিয়র ডিজাইন শিল্প উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এখন এ শিল্পকে আরও সুসংগঠিত, নীতিনিষ্ঠ ও জবাবদিহিমূলক পর্যায়ে নিয়ে যাওয়া প্রয়োজন। আইডেব এক্সিলেন্স ইন ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ড সেই লক্ষ্য বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের মেধাবী ডিজাইনাররা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও পরিচিতি পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
Advertisement
অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান ও আইডেবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুল ইসলাম সরন প্রতিযোগিতার সূচি, আবেদন প্রক্রিয়া, মূল্যায়ন পদ্ধতি এবং বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
আইডেবের ভাইস প্রেসিডেন্ট স্থপতি সজীব জাহান দেশের সব ইন্টেরিয়র ডিজাইনার ও স্থপতিকে তাদের সেরা কাজ নিয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান জানান।
আরও পড়ুন নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলমতিনি বলেন, এটি শুধু পুরস্কার অর্জনের সুযোগ নয়, বরং দেশের ইন্টেরিয়র ডিজাইন চর্চাকে আন্তর্জাতিক মানে পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
সুইস গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন বলেন, দেশে ইন্টেরিয়র ডিজাইন শিল্পের পরিধি ও সম্ভাবনা প্রতিনিয়ত বাড়ছে। এমন উদ্যোগ এ খাতকে আন্তর্জাতিক পর্যায়ে আরও শক্তিশালী অবস্থানে নিতে সহায়ক হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইডেবের উপদেষ্টা শফিউল ইসলাম, সংগঠনের নির্বাহী কমিটির সদস্য, ইন্টেরিয়র ডিজাইনার, স্থপতি, সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা।
আইডেব এক্সিলেন্স ইন ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ড-২০২৬-এর আয়োজন করছে ইন্টেরিয়র ডিজাইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইডেব)। আর আয়োজনের পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছে ডিজাইন ডক্টর্স স্টুডিও।
এএএইচ/কেএসআর