দেশজুড়ে

লক্ষ্মীপুরে গ্যাস না পেয়ে চালকদের সড়ক অবরোধ

লক্ষ্মীপুরে গ্যাস না পাওয়ায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন সিএনজি চালিত অটোরিকশা চালকরা। এতে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কে কয়েক কিলোমিটার যান চলাচল বন্ধ হয়ে যানজট সৃষ্টি হয়। ‎এসময় সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েন।

Advertisement

রোববার (২ আগস্ট) রাত ১০টা থেকে সোয়া ১১টা পর্যন্ত জেলা শহরের ইসলাম মার্কেট এলাকায় গ্রিনলাইফ ফিলিং স্টেশনের সামনে সড়ক অবরোধ করেন চালকরা। পরে পুলিশ এসে বিক্ষুব্ধ চালকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে গ্যাস না থাকায় পাম্পে তালা ঝুলিয়ে বাড়ি চলে যান কর্মকর্তা-কর্মচারীরা।

আরও পড়ুন চট্টগ্রাম / গ্যাসের জন্য হাহাকার, স্বাভাবিক হতে লাগতে পারে আরও ৮ দিন

‎বিক্ষোভকারী সিএনজি চালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গ্যাস সংকটের কারণে জেলার একমাত্র সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রয়েছে। তাদের দূরবর্তী এলাকা থেকে গ্যাস সংগ্রহ করতে হচ্ছে। এতে সময় ও অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে। আয় কমে যাওয়ায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন কাটাতে হচ্ছে। তারা দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা এবং ফিলিং স্টেশন চালুর দাবি জানান।

অবরোধের কারণে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। এসময় তাদের দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Advertisement

আরও পড়ুন গ্যাস সংকট / জ্বলে না চুলা, রাস্তায় নেই যান

লক্ষ্মীপুরের ট্রাফিক পুলিশ পরিদর্শক কামরুল হাসান বলেন, সিএনজি অটোরিকশা চালকরা গ্যাস পাচ্ছেন না, তাই তারা হট্টগোল করেন। পরে আমরা গিয়ে তাদের শান্ত করি। একই সঙ্গে বুঝিয়ে বলা হয়, এটা স্থানীয় সমস্যা নয়, জাতীয় ভাবেই গ্যাসের সমস্যা চলছে। পরে তারা রাস্তা ছেড়ে দেন। এখন যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

কাজল কায়েস/কেএসআর