জাতীয়

এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে বন্দরমুখী পদযাত্রা

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনালসহ (সিসিটি) বন্দরের কোনো স্থাপনা দেশি-বিদেশি মালিকানায় ইজারা না দেওয়ার দাবিতে বন্দর অভিমুখে পদযাত্রা করেছে বন্দর রক্ষা কমিটি, চট্টগ্রাম। এ সময় আগামী ১৫ আগস্ট ‘বন্দর রক্ষা নাগরিক কনভেনশন’ আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে।

Advertisement

সোমবার (৩ আগস্ট) সকালে আগ্রাবাদের বাদামতলী মোড় থেকে পদযাত্রা শুরু হয়। বারিক বিল্ডিং মোড়ে পৌঁছালে পুলিশ বাধা দিলে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

পদযাত্রার আগে বাদামতলী মোড়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বন্দর রক্ষা কমিটির আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদার। সঞ্চালনা করেন সদস্য সচিব ফজলুল কবির মিন্টু।

আরও পড়ুন হাটহাজারীর আলোচিত আজিম হত্যা মামলার প্রধান আসামি দিদারুল গ্রেফতার

এতে বক্তব্য দেন শ্রম সংস্কার কমিশনের সাবেক সদস্য তপন দত্ত, বন্দর সিবিএর সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ ম জামাল উদ্দিন, বাসদ (মার্ক্সবাদী) নেতা দীপা মজুমদার, টিইউসির যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান, জাতীয়তাবাদী ডক শ্রমিক দলের সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিমসহ বিভিন্ন শ্রমিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।

Advertisement

বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র ও জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ অবকাঠামো। বন্দরের স্থাপনা দেশি-বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়া হলে তা জাতীয় স্বার্থ, অর্থনৈতিক নিরাপত্তা ও শ্রমিকদের কর্মসংস্থানের জন্য হুমকি হতে পারে। তারা বন্দরের সক্ষমতা বাড়াতে আধুনিকায়ন, অবকাঠামো উন্নয়ন, দক্ষ জনবল নিয়োগ এবং দুর্নীতি-অব্যবস্থাপনা দূর করার দাবি জানান।

সমাবেশে প্রকৌশলী দেলোয়ার মজুমদার আগামী ১৫ আগস্ট সকাল ১০টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই হলে ‘বন্দর রক্ষা নাগরিক কনভেনশন’ আয়োজনের ঘোষণা দেন। তিনি বলেন, শ্রমিক, পেশাজীবী, ব্যবসায়ী, শিক্ষাবিদ, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে এ কনভেনশন অনুষ্ঠিত হবে।

সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা ‘বন্দর বাঁচাও, দেশ বাঁচাও’, ‘এনসিটি-সিসিটি ইজারা দেওয়া চলবে না’ এবং ‘জাতীয় সম্পদ রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ’সহ বিভিন্ন স্লোগান দিয়ে বন্দর অভিমুখে পদযাত্রা শুরু করেন। তবে বারিক বিল্ডিং মোড়ে পুলিশ তাদের অগ্রযাত্রায় বাধা দিলে কর্মসূচি সেখানেই সমাপ্ত ঘোষণা করা হয়।

এমআরএএইচ/এএমএ

Advertisement