দেশজুড়ে

শিশুর মৃত্যু, ফেনীতে আল আকসা হাসপাতালের ওটি সিলগালা

ফেনী শহরের আল আকসা হাসপাতালে এক নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে জেলা স্বাস্থ্য বিভাগ অভিযান চালিয়ে হাসপাতালটির অপারেশন থিয়েটার (ওটি) সিলগালা করে দিয়েছে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Advertisement

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার (২ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই নবজাতকের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে বিষয়টি জেলা স্বাস্থ্য বিভাগের নজরে আসে। খবর পেয়ে ফেনীর ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এ এস এম সোহরাব আল হোসাইনের নেতৃত্বে স্বাস্থ্য বিভাগের একটি দল তাৎক্ষণিক আল আকসা হাসপাতালে পৌঁছায়।

পরিদর্শনকালে সিভিল সার্জন ও স্বাস্থ্য কর্মকর্তারা হাসপাতাল কর্তৃপক্ষ, সেখানে দায়িত্বরত চিকিৎসক, ওটি ইনচার্জ, নার্স এবং ভুক্তভোগী রোগীর স্বজনদের সঙ্গে কথা বলেন। সেসময় তারা হাসপাতালের লাইসেন্স, প্রয়োজনীয় কাগজপত্র এবং অপারেশন থিয়েটারের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন। অনুসন্ধানে ওটিতে বেশ কিছু অনিয়মের প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে অপারেশন থিয়েটারটি সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়।

অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আমির খসরু তারেক, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট মাইন উদ্দীনসহ জেলা স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা।

Advertisement

ফেনীর ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এ এস এম সোহরাব আল হোসাইন বলেন, নবজাতকের মৃত্যুর পেছনে কারোর অবহেলা বা চিকিৎসাজনিত ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখতে ৩ সদস্যের তদন্ত কমিটি কাজ শুরু করেছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসাসেবায় যেকোনো ধরনের অনিয়ম ও অবহেলার বিরুদ্ধে স্বাস্থ্য বিভাগের এমন কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

আবদুল্লাহ আল-মামুন/এফএ/জেআইএম