দেশজুড়ে

সুগন্ধি চাল মজুতের তথ্য দিতে না পারায় দুই রাইস মিলকে জরিমানা

সুগন্ধি চালের অবৈধ মজুত, সরবরাহ, বস্তার গায়ে মিলগেট দর না লেখাসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে নওগাঁয় অটো রাইস মিলে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে দুই অটো রাইস মিলকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement

সোমবার (০৩ আগস্ট) দুপুর দুইটার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক রুবেল আহমেদ এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে চাল মজুতের সঠিক তথ্য দিতে না পারায় শহরের ইয়াদ আলীর মোড় এলাকায় অবস্থিত বেলকন অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ২০ হাজার টাকা ও জবার মোড় এলাকায় অবস্থিত টিকে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁর সরকারি পরিচালক রুবেল আহমেদ বলেন, গত কয়েকদিন ধরে সুগন্ধী এবং আতপ চালের বাজার নিয়ন্ত্রণহীন। কিছুদিন আগে ১৫০-১৬০ টাকায় বিক্রি হলেও এখন তা ২০০-২২০ টাকায় বিক্রি হচ্ছে। খাদ্য অধিদপ্তরে নির্দেশনা রয়েছে চাল ১৫ দিনের বেশি রাখা যাবে না। বেলকন এবং টিকে গ্রুপে অভিযান চালিয়ে দেখেছি সবকিছুই নিয়মের মধ্যে রয়েছে। তবে তারা যে চালগুলো রেখেছে সেগুলো ১৫ দিনের বেশি কিনা সে বিষয়ে সঠিক তথ্য দিতে পারে নাই। এ কারণে জরিমানা করা হয়েছে।

Advertisement

আরও পড়ুন ভোক্তা অধিকারের অভিযানে চুয়াডাঙ্গায় চার প্রতিষ্ঠানে জরিমানা

তিনি আরও বলেন, বাজারে এখন সুগন্ধি আতপ ধানের দুষ্প্রাপ্রতা রয়েছে এছাড়াও ধানের দাম এখন চার হাজার টাকার উপরে। এ কারণে তারা মিলগেট প্রাইস দিচ্ছেন ২০০ টাকার কাছাকাছি। যার কারণে খুচরা বাজারে ২১০- ২২০ টাকা দরে বিক্রি হচ্ছে। যতদিন পর্যন্ত চালের দাম নিয়ন্ত্রণে না আসছে ততদিন চালের মিল এবং বাজারে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে নওগাঁ কৃষি বিপণন অধিদপ্তরের বিপণন কর্মকর্তা সোহাগ সরকারসহ, পুলিশ এবং জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরমান হোসেন রুমন/এসজেডএইচ/এএসএম

Advertisement