আন্তর্জাতিক

ঘুমন্ত তরুণীর মাথা কামড়ে টেনে নিয়ে গেলো বাঘ

গভীর রাতে ঘুমের মধ্যে হঠাৎ বাইরে থেকে ভেসে আসে চিৎকার। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো গ্রামে। টর্চ হাতে ছুটে যান প্রতিবেশীরা। কিন্তু ততক্ষণে ভয়ংকর এক শিকারি মানুষকে টেনে নিয়ে অনেক দূরে চলে গেছে। এমন দৃশ্য যেন কোনো সিনেমার নয়, বাস্তবের এক বিভীষিকাময় ঘটনা।

Advertisement

ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশের বালাঘাট জেলার। সেখানে রোববার (২ আগস্ট) দিনগত রাতে কানহা ন্যাশনাল পার্কের খাপা রেঞ্জের পারাপুর বাইগাতোলা গ্রামে বাঘের হামলায় ৩০ বছরের এক নারী নিহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

গ্রামবাসীদের ভাষ্য অনুযায়ী, নিহত নারীর নাম সুগনি বাই ধুরভে। জেলা সদর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরের ওই গ্রামে রোববার (২ আগস্ট) দিনগত রাত দেড়টার দিকে তিনি নিজের কুঁড়েঘরে ঘুমিয়ে ছিলেন। এসময় একটি পূর্ণবয়স্ক বাঘ গ্রামে ঢুকে পড়ে। সেটি ঘরে প্রবেশ করে সুগনি বাইয়ের মাথা কামড়ে ধরে ও তাকে টেনে নিয়ে যেতে শুরু করে। পরিবারের সদস্যদের চিৎকার শুনে আশপাশের বাসিন্দারা টর্চলাইট হাতে ঘটনাস্থলে ছুটে আসেন।

গ্রামবাসীরা জানান, বাঘটি প্রায় ৩০০ মিটার পর্যন্ত নারীকে টেনে নিয়ে যায়। পরে তাকে ফেলে রেখে পাশের জঙ্গলে পালিয়ে যায়।

Advertisement

মাথায় গুরুতর আঘাত পাওয়া সুগনি বাইকে দ্রুত বাইহারের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন ব্লক মেডিকেল অফিসার ডা. অনন্ত লিলহারে।

সিজহোরা বাফার জোনের সহকারী পরিচালক আশীষ পান্ডে বলেন, ঘটনার তদন্ত শেষে একটি বিস্তারিত প্রতিবেদন তৈরি করা হবে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে ও তদন্ত অব্যাহত রয়েছে।

বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, গত কয়েক মাসে ওই গ্রামে একাধিকবার বাঘ ও চিতাবাঘ লোকালয়ে ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। সরকারি বিধি অনুযায়ী নিহত নারীর পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

Advertisement

এ ধরনের ঘটনা ঠেকাতে বন বিভাগ এলাকায় একটি খাঁচা বসাবে, টহল জোরদার করবে এবং স্থানীয় বাসিন্দাদের রাতে ঘরের দরজা বন্ধ রাখার আহ্বান জানিয়েছে। এছাড়া অপ্রয়োজনে রাতে জঙ্গলে না যাওয়ার এবং শিশু ও বয়স্ক ব্যক্তিদের একা ফেলে না রাখারও পরামর্শ দিয়েছে বন বিভাগ।

সূত্র: এনডিটিভি

এসএএইচ