লাইফস্টাইল

থালা-বাসন ধোয়াতে কমতে পারে মানসিক চাপ

সারাদিনের ব্যস্ততা শেষে সিঙ্কে জমে থাকা এঁটো থালাবাসন দেখে অনেকেরই বিরক্তি আসে। কারও কাছে এটি ক্লান্তিকর, কারো কাছে আবার দিনের সবচেয়ে অপছন্দের গৃহস্থালি কাজ। কিন্তু অবাক করার বিষয় হলো, মনোবিজ্ঞানীরা বলছেন-এই সাধারণ কাজটিই হতে পারে মানসিক প্রশান্তি পাওয়ার সহজ একটি উপায়।

Advertisement

শুধু ঘর পরিষ্কার রাখাই নয়, সচেতনভাবে বা মাইন্ডফুলনেস চর্চার অংশ হিসেবে বাসন মাজলে মন শান্ত হয়, উদ্বেগ কমে এবং মনোযোগও বাড়তে পারে। অর্থাৎ প্রতিদিনের এই ছোট্ট অভ্যাসটি মানসিক সুস্থতার জন্যও ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

গবেষণা যা বলছে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গেছে, যারা বাসন ধোয়ার সময় কাজটি শুধু শেষ করার জন্য করেন না, বরং পানি, সাবানের গন্ধ, ফেনা ও হাতের স্পর্শের প্রতি সচেতন মনোযোগ দেন, তাদের মানসিক চাপ উল্লেখযোগ্যভাবে কমে। একই সঙ্গে কাজের প্রতি মনোযোগ ও ইতিবাচক অনুভূতিও বাড়ে। গবেষকদের মতে, এটি মূলত মাইন্ডফুলনেস বা বর্তমান মুহূর্তে সম্পূর্ণ সচেতনভাবে উপস্থিত থাকার একটি সহজ অনুশীলন।

কেন মন ভালো হয়?

আমাদের মন বেশিরভাগ সময়ই অতীতের আফসোস কিংবা ভবিষ্যতের দুশ্চিন্তায় ব্যস্ত থাকে। কিন্তু বাসন মাজার সময় যদি পুরো মনোযোগ বর্তমান কাজের ওপর দেওয়া যায়, তাহলে মস্তিষ্ক কিছু সময়ের জন্য অপ্রয়োজনীয় চিন্তা থেকে বিরতি পায়। এই ছোট বিরতিই মনকে হালকা করে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে।

Advertisement

পানির স্পর্শ ও ধীর গতির কাজ মনকে বর্তমান মুহূর্তে ধরে রাখতে সাহায্য করে

একাগ্রতা বাড়ানোর সহজ উপায়

বর্তমান সময়ে একসঙ্গে অনেক কাজ করার প্রবণতা বা মাল্টিটাস্কিং আমাদের মনোযোগকে দুর্বল করে দেয়। থালা-বাসন ধোয়ার মতো একটি কাজ ধীরে ও মনোযোগ দিয়ে করলে মস্তিষ্ক একটিমাত্র কাজে মনোযোগ ধরে রাখার অনুশীলন করে। এই অভ্যাস ধীরে ধীরে পড়াশোনা, অফিসের কাজ কিংবা অন্য যেকোনো গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ ধরে রাখতেও সহায়ক হতে পারে।

ইন্দ্রিয়গুলোও সক্রিয় হয়

বাসন ধোয়ার সময় হাতের ওপর পানির স্পর্শ, সাবানের নরম ফেনা, পরিষ্কার বাসনের শব্দ কিংবা হালকা সুগন্ধ থাকাতে আমাদের ইন্দ্রিয়গুলোকে সক্রিয় করে। মনোবিজ্ঞানীরা মনে করেন, এ ধরনের সংবেদনশীল অভিজ্ঞতা মস্তিষ্ককে বর্তমান মুহূর্তে ধরে রাখতে সাহায্য করে, ফলে অস্থিরতা কমে এবং মন অনেকটা শান্ত অনুভব করে।

ছোট একটি বিরতি, বড় উপকার

ব্যস্ত জীবনে নিজের জন্য আলাদা সময় বের করা অনেকের পক্ষেই সম্ভব হয় না। কিন্তু প্রতিদিন ১০-১৫ মিনিট বাসন ধোয়ার সময়টুকু যদি সচেতনভাবে উপভোগ করা যায়, তাহলে সেটিও এক ধরনের মানসিক বিশ্রামে পরিণত হতে পারে। এতে শুধু রান্নাঘরই পরিষ্কার হয় না, নিজের মনও কিছুটা হালকা হয়ে ওঠে।

Advertisement

আরও পড়ুন প্রাক্তন যদি হঠাৎ ফিরে আসে, কী করবেন যেভাবে বাসন মাজবেন

বাসন ধোয়ার সময় তাড়াহুড়া না করে ধীরে ধীরে কাজ করুন। হাতের ওপর পানির উষ্ণতা বা ঠান্ডাভাব অনুভব করুন। সাবানের গন্ধ, ফেনার স্পর্শ এবং থালা পরিষ্কার হওয়ার দৃশ্য লক্ষ্য করুন। একই সঙ্গে ধীর ও গভীর শ্বাস নেওয়ার চেষ্টা করুন। মোবাইল ফোনে কথা বলা, সামাজিক যোগাযোগমাধ্যম স্ক্রল করা বা অন্য কিছু নিয়ে ভাবার বদলে কয়েক মিনিট শুধু এই কাজটির প্রতিই মনোযোগ দিন।

আরও পড়ুন দাম্পত্য কলহের পর নিজেকে সামলাবেন যেভাবে সব কাজেই আনন্দ খুঁজে নেওয়া সম্ভব

আমরা অনেক সময় ভাবি, মানসিক শান্তি পেতে আলাদা করে ধ্যান করতে হবে বা কোথাও ঘুরতে যেতে হবে। অথচ প্রতিদিনের সাধারণ কিছু কাজও সেই সুযোগ তৈরি করে দিতে পারে। বাসন মাজা হয়তো খুব সাধারণ একটি গৃহস্থালি কাজ, কিন্তু সচেতনভাবে করলে এটি হয়ে উঠতে পারে মনকে শান্ত রাখার, মনোযোগ বাড়ানোর এবং দিনের ক্লান্তি কমানোর একটি কার্যকর অভ্যাস।

সূত্র: ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি, হিন্দুস্তান টাইমস

এসএকেওয়াই