লাইফস্টাইল

রান্নার সামান্য ভুলেই নষ্ট হয় খাবারের পুষ্টিগুণ

রান্না মানে শুধু খাবারের স্বাদ বাড়ানো নয়; এর সঙ্গে সরাসরি জড়িয়ে আছে খাবারের পুষ্টিমানও। অথচ প্রতিদিনের রান্নায় অজান্তেই এমন কিছু অভ্যাস আমরা অনুসরণ করি, যা খাবারের ভিটামিন ও খনিজ উপাদান ধীরে ধীরে ধ্বংস করে দেয়।

Advertisement

বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত তেলে ডুবিয়ে ভাজা বা বেশি মসলা দিয়ে দীর্ঘ সময় রান্না করলে সবজির গুরুত্বপূর্ণ ভিটামিন বি ও সি প্রায় পুরোপুরি নষ্ট হয়ে যায়। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় ভাজাপোড়া কম রাখাই স্বাস্থ্যকর।

অনেকে প্রেসার কুকারে রান্না করাকে পুষ্টির জন্য ক্ষতিকর মনে করলেও বাস্তবতা ঠিক উল্টো। কম সময় ও কম পানিতে রান্না হওয়ায় ডাল, শস্য ও সবজির পুষ্টিগুণ এতে তুলনামূলকভাবে বেশি অক্ষত থাকে।

ভাপে বা স্টিমিং পদ্ধতিতে রান্নাও পুষ্টি সংরক্ষণের একটি কার্যকর উপায়। তবে সেদ্ধ করার সময় অতিরিক্ত পানি ব্যবহার করা উচিত নয়। কারণ বেশি পানিতে সেদ্ধ করলে ভিটামিন ও খনিজ উপাদান পানিতে মিশে যায়। সে ক্ষেত্রে সেই পানিটুকু ফেলে না দিয়ে স্যুপ বা ঝোল হিসেবে ব্যবহার করলে পুষ্টির অপচয় কমানো যায়।

Advertisement

আরও পড়ুন: স্বামীর সাথে ঝগড়া, আলমারি গোছানোই সমাধান!ফ্রিজে দুর্গন্ধ? জেনে নিন মুক্তির কৌশল

একই খাবার বারবার গরম করাও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বিশেষ করে শাকসবজি ও ভাত একাধিকবার গরম করলে এর ভিটামিন প্রায় সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। তাই যতটা সম্ভব টাটকা খাবার খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা। রান্নার আগে সবজি কাটার সময়ও পুষ্টিগুণের ওপর প্রভাব ফেলে। অনেক আগে সবজি কেটে রাখলে তা বাতাসের সংস্পর্শে এসে দ্রুত পুষ্টি হারাতে শুরু করে। তাই রান্নার ঠিক আগমুহূর্তে সবজি কাটা সবচেয়ে ভালো।

সব মিলিয়ে কম তেল, কম পানি, কম সময়ে রান্না করা এবং খাবার বারবার গরম না করার এই চারটি সহজ নিয়ম মেনে চললেই প্রতিদিনের খাবার হবে যেমন সুস্বাদু, তেমনি শরীরের জন্য আরও বেশি উপকারী। সঠিক রান্নার অভ্যাস গড়ে তুলেই খাবারের প্রকৃত পুষ্টিগুণ বজায় রাখা এবং সুস্থ জীবনযাপন করা সম্ভব, এটাই এখন সময়ের দাবি।

জেএস/জেআইএম

Advertisement