চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দোকানে ভাঙচুর ও দোকান মালিককে মারধরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক জালাল সিদ্দিকীর বিরুদ্ধে। বুধবার (১৫ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের কলা ঝুপড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
Advertisement
ভুক্তভোগী এইচ এম সুজন বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী। বর্তমানে তিনি টং দোকান পরিচালনা করেন। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন।
জানা যায়, জালাল সিদ্দীকির নামে দোকানে কেউ একজন ৩০ টাকার পণ্য বাকি নিয়েছে। বকেয়া পরিশোধকে কেন্দ্র করে এ বিরোধের সূত্রপাত। অভিযোগ উঠেছে, বাকির বিষয়ে শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় ওই দোকানদারের কাছ থেকে ভিডিও বক্তব্য নেন। এই ভিডিও বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত জালাল সিদ্দিকী দোকানে গিয়ে ভাঙচুর করেন ও দোকান মালিককে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে দোকানদার সুজন জানান, তাকে আঘাত করা হলে তার ঠোঁট ফেটে রক্তপাত হয়। এসময় সামনে থাকা টেবিল উল্টে গিয়ে গায়ে পড়ে। এরপর আশপাশের লোকজন পরিস্থিতি স্বাভাবিক করে।
Advertisement
অভিযোগের বিষয়ে শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক জালাল সিদ্দিকী বলেন, আমি নাকি ৩০ টাকা বাকি খেয়েছি। এটা শুনে দোকানে গিয়ে বিষয়টি জানতে চাই। তখন সে বলে অন্য জালালের নাম বলেছি। এসময় ভুল বোঝাবুঝির জেরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এ ঘটনার জন্য ক্ষমা চেয়েছি।
এদিকে শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, রাতে কনসার্টের পর ওই দোকানে যাই। সেখানে যাওয়ার পর দোকানদার বলছে আপনাদের নেতাকর্মীরা বাকি খেয়ে টাকা দিচ্ছে না। এটা শোনার পর তাকে বলেছি কোনো প্রমাণ থাকলে তা দেওয়ার জন্য। তাহলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। জাস্ট এটুকুই কথা হয়েছে। আমি কোনো ভিডিও বক্তব্য নিইনি।
মোস্তাফিজুর রহমান/এমএন/এএসএম
Advertisement