পহেলা বৈশাখের সকালে বাংলার আকাশে যখন লাল-সাদা রঙের উৎসব ছড়িয়ে পড়ে, তখন গ্রামবাংলার কোনো এক মাঠে দাঁড়িয়ে থাকা কৃষকের চোখেও জেগে ওঠে নতুন বছরের নীরব প্রত্যাশা। তার জীবনে ক্যালেন্ডারের পাতা বদলালেও বাস্তবতা খুব একটা বদলায় না—ধানের দাম, সারের সংকট, ঋণের চাপ আর অনিশ্চিত আবহাওয়ার সঙ্গে লড়াই করাই তার নিত্যদিনের গল্প। কিন্তু এবারের বৈশাখ যেন একটু ভিন্ন বার্তা নিয়ে এলো। তারেক রহমান টাঙ্গাইলের মাটিতে দাঁড়িয়ে যখন ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন, তখন সেটি শুধু একটি প্রশাসনিক ঘোষণা ছিল না; বরং ছিল বহুদিনের প্রত্যাশা, অবহেলার ইতিহাস আর সম্ভাবনার ভবিষ্যতের এক মিলিত প্রতিধ্বনি।
Advertisement
এই দেশের অর্থনীতির ভিত গড়ে উঠেছে যে মানুষের ঘামে, সেই কৃষক দীর্ঘদিন ধরেই থেকেছে প্রান্তিকতার এক নীরব বৃত্তে বন্দি। শহরের আলো ঝলমলে উন্নয়ন, বড় বড় অবকাঠামো কিংবা জিডিপির প্রবৃদ্ধির গল্পে তার নাম খুব কমই উচ্চারিত হয়। অথচ খাদ্য নিরাপত্তা থেকে শুরু করে গ্রামীণ অর্থনীতির প্রাণচাঞ্চল্য—সবকিছুর কেন্দ্রবিন্দুতেই রয়েছে এই কৃষক। তাই যখন বলা হয় আগামী পাঁচ বছরে ২ কোটি ২৭ লাখ কৃষকের হাতে পৌঁছে যাবে একটি পরিচয়পত্র, যার মাধ্যমে সে পাবে ন্যায্যমূল্যে উপকরণ, সহজ শর্তে ঋণ, বাজার তথ্য, এমনকি কৃষি বিমা—তখন এটি নিছক একটি প্রকল্প থাকে না; এটি হয়ে ওঠে রাষ্ট্রের সঙ্গে কৃষকের সম্পর্ক পুনর্গঠনের একটি ঐতিহাসিক সুযোগ।
টাঙ্গাইলের সেই অনুষ্ঠানে মাত্র ২২ হাজার কৃষকের হাতে কার্ড তুলে দেওয়া হয়—সংখ্যার বিচারে তা হয়তো খুব বড় কিছু নয়। কিন্তু প্রতিটি বড় পরিবর্তনের শুরু তো এমন ছোট ছোট পদক্ষেপ থেকেই হয়। আরও তাৎপর্যপূর্ণ হলো, একটি বোতাম চাপার সঙ্গে সঙ্গে কৃষকের মোবাইলে আর্থিক সুবিধা পৌঁছে যাওয়ার দৃশ্যটি। এই দৃশ্য যেন বাংলাদেশের কৃষি ব্যবস্থাকে এক নতুন যুগে প্রবেশের ইঙ্গিত দেয়—যেখানে মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য কমে, আর প্রযুক্তি সরাসরি কৃষকের হাতে শক্তি তুলে দেয়।
তবে এই আশার ভেতরেও কিছু অস্বস্তিকর প্রশ্ন নীরবে মাথা তোলে। এই যে ২ কোটি ২৭ লাখ কৃষকের তালিকা—এটি কতটা নির্ভুল? কে প্রকৃত কৃষক, আর কে কাগজে-কলমে সুবিধাভোগী—এই পার্থক্য নির্ধারণের প্রক্রিয়া কতটা স্বচ্ছ? বাংলাদেশের বাস্তবতায় প্রশাসনিক উদ্যোগ অনেক সময়ই স্থানীয় প্রভাবশালী গোষ্ঠীর প্রভাব থেকে মুক্ত থাকতে পারে না। ফলে একটি মহৎ উদ্যোগও অনেক সময় তার লক্ষ্যভ্রষ্ট হয়। কৃষক কার্ডের ক্ষেত্রেও সেই ঝুঁকি অস্বীকার করা যায় না। সুতরাং এ ব্যাপারে সরকারকে সর্বোচ্চ সতর্ক দৃষ্টি রাখতে হবে।
Advertisement
আবার, কৃষকদের জন্য ঋণ মওকুফের ঘোষণাও এই কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রায় ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করার সিদ্ধান্ত নিঃসন্দেহে স্বস্তির নিঃশ্বাস এনে দিয়েছে অনেক পরিবারের জীবনে। কিন্তু অর্থনীতির দৃষ্টিকোণ থেকে এটি একটি সূক্ষ্ম ভারসাম্যের প্রশ্নও তুলে ধরে। একদিকে এটি কৃষকের জন্য তাৎক্ষণিক স্বস্তি, অন্যদিকে এটি একটি সংস্কৃতি তৈরি করতে পারে—যেখানে ঋণ পরিশোধের দায়বদ্ধতা কমে যায়। তাই এই ধরনের সিদ্ধান্তের সঙ্গে দীর্ঘমেয়াদি আর্থিক শৃঙ্খলার বিষয়টিও সমান গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
কৃষক কার্ডের সবচেয়ে বড় শক্তি হয়তো এর সমন্বিত কাঠামো। এটি শুধুমাত্র একটি ভর্তুকি বা ঋণ প্রকল্প নয়; বরং এটি কৃষিকে একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক খাতে রূপান্তরের প্রচেষ্টা। যখন একজন কৃষক একই প্ল্যাটফর্ম থেকে বীজ, সার, সেচ, প্রশিক্ষণ, বাজার তথ্য এবং বিমা সুবিধা পাবে, তখন তার উৎপাদন ব্যবস্থাপনা আরও সুসংগঠিত হবে। এই ধরনের সমন্বিত উদ্যোগ বিশ্বের অনেক দেশেই সফল হয়েছে। ভারতের “কিসান ক্রেডিট কার্ড” কিংবা ইউরোপের কৃষি ভর্তুকি ব্যবস্থার উদাহরণ দেখলে বোঝা যায়—কৃষিকে টেকসই করতে হলে এই ধরনের প্রাতিষ্ঠানিক সহায়তা অপরিহার্য।
বাংলাদেশের ক্ষেত্রে এই উদ্যোগের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ডিজিটাল সংযোগ। একটি মোবাইল ফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়; এটি হয়ে উঠছে তথ্য, অর্থনীতি এবং সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রবিন্দু। যখন একজন কৃষক আবহাওয়ার পূর্বাভাস জানবে, বাজারের দাম সম্পর্কে ধারণা পাবে, তখন সে আর অন্ধভাবে সিদ্ধান্ত নেবে না। তার প্রতিটি পদক্ষেপ হবে তথ্যভিত্তিক। এতে করে উৎপাদন বাড়বে, ক্ষতি কমবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ—কৃষকের আত্মবিশ্বাস বাড়বে।
তবে প্রযুক্তির এই সম্ভাবনা বাস্তবে রূপ দিতে হলে একটি বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে—ডিজিটাল সাক্ষরতা। গ্রামীণ বাংলাদেশের অনেক কৃষক এখনো প্রযুক্তি ব্যবহারে স্বচ্ছন্দ নন। ফলে শুধু একটি কার্ড বা মোবাইল অ্যাপ দিয়েই সমস্যার সমাধান হবে না; প্রয়োজন হবে ব্যাপক প্রশিক্ষণ, সহায়তা এবং সচেতনতা।
Advertisement
এই উদ্যোগের রাজনৈতিক দিকটিও উপেক্ষা করার সুযোগ নেই। তারেক রহমান স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে এটি একটি নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন। এটি একদিকে যেমন ইতিবাচক বার্তা দেয়—কারণ এতে প্রতিশ্রুতি রক্ষার ইঙ্গিত রয়েছে—অন্যদিকে এটি একটি বড় দায়ও তৈরি করে। কারণ এই প্রকল্পের সফলতা বা ব্যর্থতা সরাসরি রাজনৈতিক বিশ্বাসযোগ্যতার সঙ্গে জড়িয়ে যাবে।
বাংলাদেশের ইতিহাসে অনেক বড় বড় উদ্যোগ ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ থেকেছে, বাস্তবায়নের অভাবে হারিয়ে গেছে সময়ের স্রোতে। কৃষক কার্ড সেই তালিকায় যুক্ত হবে, নাকি এটি সত্যিই একটি পরিবর্তনের গল্প লিখবে—তা নির্ভর করবে বাস্তবায়নের ওপর।
স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন—এই তিনটি বিষয় নিশ্চিত করতে না পারলে সবচেয়ে ভালো পরিকল্পনাও ব্যর্থ হতে পারে।
তবুও আশার জায়গাটি অস্বীকার করা যায় না। কারণ এই উদ্যোগের ভেতরে রয়েছে একটি মৌলিক উপলব্ধি—উন্নয়ন তখনই অর্থবহ হয়, যখন তা প্রান্তিক মানুষের জীবনে পৌঁছে যায়। কৃষক কার্ড সেই উপলব্ধির একটি প্রতিফলন। এটি যদি সঠিকভাবে বাস্তবায়িত হয়, তবে এটি শুধু কৃষকের জীবনই বদলাবে না; এটি বদলে দিতে পারে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির চিত্র।
পরিশেষে বলা যায়,পহেলা বৈশাখের সেই সকালে, যখন একজন কৃষক তার হাতে একটি ছোট্ট কার্ড তুলে নিলেন, হয়তো তিনি জানেন না এর অর্থনীতি, রাজনীতি বা নীতির গভীরতা। কিন্তু তিনি অনুভব করেন—রাষ্ট্র তাকে দেখছে, তাকে স্বীকৃতি দিচ্ছে। সেই অনুভূতিটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ উন্নয়নের সবচেয়ে বড় শক্তি কোনো প্রকল্প নয়, কোনো বাজেট নয়—বরং মানুষের বিশ্বাস। সুতরাং এই বিশ্বাসকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যেকোনো মূল্যে এই চ্যালেঞ্জ রক্ষা করতে হবে। কারণ, বাংলাদেশের কৃষক শুধু মাটির মানুষ নন, তারা এই দেশের উন্নয়নের সবচেয়ে শক্তিশালী ও কার্যকর ভিত্তি।
লেখক: সাংবাদিক, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক, ঢাকা।
ই-মেইল: ahabibhme@gmail.com
এইচআর/জেআইএম