ক্যাম্পাস

জ্বালানি সংকটে জাবিতে এক ঘণ্টা লোডশেডিংয়ের সিদ্ধান্ত

জাতীয় পর্যায়ে জ্বালানি স্বল্পতার কারণে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপকেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। এমতাবস্থায় প্রতিদিন বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত নির্ধারিতভাবে লোডশেডিং থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Advertisement

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সাভারের শিমুলতলায় অবস্থিত পল্লী বিদ্যুতায়ন বোর্ডের জোনাল অফিসের ডিজিএম সই করা এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জ্বালানি স্বল্পতার কারণে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রের চাহিদার তিন ভাগের এক ভাগ বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। তাই সব ফিডারের ব্যাপক লোডশেডিং করতে হচ্ছে (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ব্যতীত)। উল্লিখিত কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা দুরূহ হয়ে পড়েছে।

সংশ্লিষ্ট অফিস আরও জানিয়েছে যে, এমতাবস্থায় বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত লোডশেডিং থাকবে। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সংশ্লিষ্ট অফিস এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করেছে।

Advertisement

মো. রকিব হাসান প্রান্ত/এমএন/জেআইএম