জাতীয় সংসদ সম্পর্কে ধারণা অর্জন করতে সব শ্রেণির মানুষকে এখানে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
Advertisement
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কায়সার কামালের সংসদীয় এলাকা নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার খ্রিষ্টান সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিরা সংসদ ভবনে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।
এসময় ডেপুটি স্পিকার সবার সঙ্গে কুশল বিনিময় এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তিনি এলাকার উন্নয়নে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য সবার সহযোগিতা চান।
কায়সার কামাল বলেন, ‘আমার এলাকার মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, গারো, হাজংসহ বিভিন্ন ধর্মের সবাইকে পর্যায়ক্রমে সংসদ ভবন এবং সংসদ অধিবেশন দেখার আমন্ত্রণ জানানো হবে। আজ আপনারা এসেছেন। পরবর্তীতে ইমাম প্রতিনিধিদল, হিন্দু পুরোহিত দল, গারো প্রতিনিধিদল, হাজং প্রতিনিধিদল, স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক-শ্রমিকসহ সব শ্রেণির মানুষ যেন সংসদ সম্পর্কে ধারণা অর্জন করতে পারে, সে লক্ষ্যে সবাইকে পর্যায়ক্রমে আমন্ত্রণ জানানো হবে।’
Advertisement
ডেপুটি স্পিকার আরও বলেন, ‘এই সংসদ জনগণের সংসদ। আমি এলাকার ভোটার দ্বারা নির্বাচিত হয়েছি এবং তাদের কারণেই আজ সংসদে কথা বলতে পারছি। তাই ভোটারদের প্রতি আমারও দায়বদ্ধতা রয়েছে। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন সফলকাম হতে পারি।’
এমওএস/একিউএফ