বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান নতুন সিনেমা ‘এক দিন’ মুক্তির আগে নিজের জীবনের এক গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা শেয়ার করে আলোচনায় এসেছেন। আগামী ১ মে মুক্তি পেতে যাওয়া এই ছবিতে জুটি বেঁধেছেন তার ছেলে জুনেইদ খান এবং দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী।
Advertisement
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওতে নিজের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া এক দিনের স্মৃতি তুলে ধরেন আমির। তার মতে, নতুন সিনেমার মূল ভাবনাই হলো-একটি মাত্র দিন কীভাবে মানুষের জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। সেই ভাবনার সঙ্গে নিজের বাস্তব জীবনের অভিজ্ঞতার মিল খুঁজে পেয়েছেন তিনি।
আমির জানান, ক্যারিয়ারের শুরুর দিকে একটি নাটকের জন্য তিনি খুব চেষ্টা করেছিলেন এবং তা নিয়ে বেশ আশাবাদীও ছিলেন। কিন্তু সেই সময় মহারাষ্ট্রে রাজনৈতিক বনধের কারণে তার মা তাকে বাড়ি থেকে বের হতে দেননি। ফলে শেষ মুহূর্তে নাটকটির সুযোগ হারান তিনি।
পরবর্তীতে রিহার্সালের জন্য গেলেও পরিচালক তাকে ফিরিয়ে দেন। তখন ঘটনাটি তার কাছে বড় ব্যর্থতা মনে হলেও, পরে সেটিই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। কারণ ওই সুযোগ হাতছাড়া হওয়ার পরই বড় পর্দায় কাজের দরজা খুলে যায় তার সামনে।
Advertisement
আমিরের ভাষায়, জীবনের অপ্রত্যাশিত বাধা অনেক সময় নতুন সম্ভাবনার পথ তৈরি করে দেয়।
সিনেমার ট্রেলারে দেখা যাচ্ছে মুম্বাইয়ের কর্পোরেট অফিস থেকে জাপানের মনোরম প্রেক্ষাপট-এক ভিন্নধর্মী প্রেমের গল্প। লাজুক স্বভাবের এক যুবকের চরিত্রে অভিনয় করেছেন জুনেইদ খান। তিনি একই অফিসে কাজ করা প্রাণবন্ত সহকর্মী সাই পল্লবীকে মনে মনে ভালোবাসলেও তা প্রকাশ করতে পারেন না।
গল্পের মোড় ঘোরে জাপানে গিয়ে, যেখানে এক দুর্ঘটনায় সাই ‘ট্রানজিয়েন্ট গ্লোবাল অ্যামনেসিয়া’ নামের বিরল স্মৃতিভ্রংশে আক্রান্ত হন। তবে আশ্চর্যজনকভাবে তিনি শুধু জুনেইদকেই চিনতে পারেন, কারণ তিনিই তার জীবন বাঁচিয়েছিলেন। এই জটিল পরিস্থিতি কীভাবে এক গভীর প্রেমের গল্পে রূপ নেয়, সেটিই সিনেমার মূল আকর্ষণ।
আরও পড়ুন:শিল্পীদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা, হুঁশিয়ারি দিলেন মিশাস্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত
Advertisement
‘এক দিন’ সিনেমার মাধ্যমে দীর্ঘ কয়েক দশক পর আবারও একসঙ্গে কাজ করছেন আমির খান ও পরিচালক-প্রযোজক মনসুর খান। এর আগে এই জুটির ‘কয়ামত সে কয়ামত তক’, ‘জো জিতা ওহি সিকান্দার’র মতো জনপ্রিয় ছবি দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল।
সিনেমাটি পরিচালনা করেছেন সুনীল পাণ্ডে। সব মিলিয়ে হারিয়ে যাওয়া রোমান্টিক ঘরানার সিনেমাকে নতুনভাবে ফিরিয়ে আনার ইঙ্গিত দিচ্ছে ‘এক দিন’।
এমএমএফ/এএসএম