ঢাকা থেকে পটুয়াখালীগামী সুন্দরবন-৯ লঞ্চে যাত্রাকালে এক বৃদ্ধা নদীতে পড়ে গেলে এক যাত্রীর সাহসী উদ্যোগে তাকে জীবিত উদ্ধার করা হয়।
Advertisement
জানা গেছে, যাত্রাপথে হঠাৎ করেই ওই নারী লঞ্চ থেকে অথবা অন্য কোনোভাবে নদীতে পড়ে যান। ঘটনাটি ঠিক কীভাবে ঘটেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে মুহূর্তের মধ্যেই বিষয়টি টের পেয়ে লঞ্চের এক যাত্রী নিজের জীবনের ঝুঁকি নিয়ে নদীতে ঝাঁপ দেন।
প্রত্যক্ষদর্শী মো. নাঈম ইসলাম বলেন, তিনি লঞ্চের কেবিনে ছিলেন। রাত ১২টার দিকে হঠাৎ ডাকাডাকি শুনে বাইরে বের হয়ে দেখেন, এক বোরখা পরিহিত নারী নদীতে সাঁতার কাটছেন এবং সাহায্য চাইছেন। এসময় লঞ্চ থামিয়ে পেছনে ঘোরানো হয়। ঠিক তখনই লঞ্চের একটি অংশ থেকে এক যুবক নদীতে ঝাঁপ দিয়ে ওই নারীকে উদ্ধারে এগিয়ে যান। একইসঙ্গে লঞ্চ থেকে বয়া নদীতে ফেলা হয়। পরে ওই যুবকের সহায়তায় নারীকে নিরাপদে লঞ্চে তোলা হয়। তবে সাহসিকতার সঙ্গে উদ্ধার কাজে অংশ নেওয়া ওই যুবকের নাম-পরিচয় জানতে চাইলে তিনি কিছু জানাননি। উদ্ধারের পর ওই নারীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এসময় সাহসী ওই যাত্রীর এমন মানবিক ও ঝুঁকিপূর্ণ উদ্যোগে লঞ্চের অন্যান্য যাত্রীরা মুগ্ধ হন। অনেকেই তার এই সাহসিকতার প্রশংসা করেন এবং মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।
Advertisement
উদ্ধারের পর ওই নারীর কাছ থেকে জানা যায়, তিনি রিয়াদ-৭ লঞ্চের যাত্রী ছিলেন। পরে রাত সাড়ে তিনটার দিকে সংশ্লিষ্ট লঞ্চের সঙ্গে যোগাযোগ করে তাকে তার নিজ লঞ্চে ফিরিয়ে দেওয়া হয়।
এ ঘটনায় লঞ্চ কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মাহমুদ হাসান রায়হান/এফএ/এমএস
Advertisement