আন্তর্জাতিক

৫ বছরে ৮ বার ভোট হচ্ছে ইউরোপের যে দেশে

টানা রাজনৈতিক অস্থিরতার মধ্যে আবারও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ইউরোপের দেশ বুলগেরিয়ায়। গত পাঁচ বছরে এ নিয়ে অষ্টমবারের মতো জাতীয় নির্বাচনে ভোট দিচ্ছেন দেশটির নাগরিকরা।

Advertisement

রোববার (১৯ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে সন্ধ্যা পর্যন্ত। গত ডিসেম্বরে ব্যাপক বিক্ষোভের মুখে কনজারভেটিভ নেতৃত্বাধীন সরকার পতনের পর এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

বুলগেরিয়ায় এবারের নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি বামঘেঁষা এবং রাশিয়াপন্থি সাবেক প্রেসিডেন্ট রুমেন রাদেভকে ক্ষমতায় আনতে পারে বলে মনে করা হচ্ছে। তিনি প্রেসিডেন্ট পদ ছেড়ে প্রধানমন্ত্রী হওয়ার লক্ষ্যে নির্বাচনে অংশ নিয়েছেন।

ইউরোপের দেশটিতে গত ডিসেম্বরের বিক্ষোভে রাস্তায় নেমে এসেছিল লাখ লাখ তরুণ। বিক্ষোভকারীরা ব্যাপক দুর্নীতি দমনে একটি স্বাধীন বিচার বিভাগের দাবি জানান। ওই আন্দোলনের জেরে তৎকালীন সরকার ক্ষমতা হারায়।

Advertisement

সাবেক বিমানবাহিনী জেনারেল রাদেভ বলেছেন, তিনি দেশের ‘অলিগার্কিক শাসনব্যবস্থা’ ভেঙে দিতে চান। একই সঙ্গে তিনি ইউক্রেনে সামরিক সহায়তা পাঠানোর সমালোচনা করে রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের পক্ষে মত দিয়েছেন।

রাদেভের নেতৃত্বাধীন নতুন জোট ‘প্রগ্রেসিভ বুলগেরিয়া’ নির্বাচনপূর্ব জরিপে প্রায় ৩৫ শতাংশ ভোট পেতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

২০২১ সাল থেকে প্রায় ৬৫ লাখ জনসংখ্যার এই দেশটিতে রাজনৈতিক অস্থিরতা চলছে। ছিন্নবিচ্ছিন্ন পার্লামেন্টের কারণে শক্তিশালী সরকার গঠন সম্ভব হয়নি। কোনো সরকারই এক বছরের বেশি টিকতে পারেনি—কখনো বিক্ষোভ, কখনো পার্লামেন্টের অভ্যন্তরীণ সমঝোতায় সরকার পতন ঘটেছে।

এবারের নির্বাচন দেশটির রাজনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ মোড় নির্ধারণ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

Advertisement

সূত্র: আল-জাজিরাকেএএ/