চট্টগ্রাম নগরের কর্ণফুলী এলাকায় একটি পিকআপে থাকা গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে ১৪ হাজার ৫০০ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পিকআপটির চালক মো. শওকত আলী (৩৭) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।
Advertisement
রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কর্ণফুলী থানার শিকলবাহা এলাকার ইউনুছ মার্কেটসংলগ্ন সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পশ্চিম বিভাগ এ অভিযান চালায়।
পুলিশ জানায়, কক্সবাজার থেকে ইয়াবার একটি চালান চট্টগ্রাম নগরে আনা হচ্ছে- এমন গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় তল্লাশি চালানো হয়। এসময় একটি পিকআপ থামিয়ে তল্লাশি করা হলে গাড়িতে থাকা একটি খালি গ্যাস সিলিন্ডারের ভেতর বিশেষ কৌশলে রাখা ইয়াবাগুলো পাওয়া যায়।
মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার শওকত আলী সিলিন্ডারের ভেতরে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। পরে তার দেখানো মতে সিলিন্ডারের ভেতর থেকে ইয়াবাগুলো বের করা হয়।
Advertisement
পুলিশ আরও জানায়, ইয়াবা বহনে ব্যবহৃত একটি পিকআপ ও একটি খালি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়।
চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা শাখার কর্মকর্তারা বলছেন, মাদক কারবারিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে প্রতিনিয়ত নতুন কৌশল ব্যবহার করছেন। গ্যাস সিলিন্ডারের ভেতরে ইয়াবা বহনের ঘটনাটি তেমনই একটি নতুন পদ্ধতি।
এ ঘটনায় কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে এ চক্রের অন্য সদস্যদের শনাক্তে তদন্ত চলছে।
এমআরএএইচ/এমআইএইচএস
Advertisement