ফরিদপুরের নগরকান্দায় রিতু আক্তার (২০) নামে এক গৃহবধূকে শিকলবন্দি করে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ভুক্তভোগী ওই গৃহবধূকে উদ্ধার করেছে।
Advertisement
সোমবার (২০ এপ্রিল) দুপুরে ওই গৃহবধূকে উদ্ধার করে। পরে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী ওই গৃহবধূ হলেন রিতু আক্তার। তিনি উপজেলার লস্করদিয়া ইউনিয়নে বাগুটিয়া গ্রামের বাসিন্দা মো. জালাল কাজীর মেয়ে।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, মো. জালাল কাজী তার মেয়ে রিতুকে প্রায় দুই বছর আগে সাকরাইল গ্রামের খোরশেদ মাতুব্বরের ছেলে শামুন মাতুব্বরের (২৮) সঙ্গে বিয়ে দেন। এরপর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলে অভিযোগ করা হয়েছে। সোমবার সকালে ভুক্তভোগী নারী রিতু আক্তারের বাবা-মা মেয়ের খোঁজ নিতে শ্বশুরবাড়িতে গেলে তাকে ঘরের ভেতর শিকল দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পান। এ সময় তারা মেয়েকে উদ্ধারের চেষ্টা করলে রিতুর স্বামী শামুন মাতুব্বর, তার বাবা খোরশেদ মাতুব্বর (৫৮), বড় বোন লিপি আক্তার (৪০) ও ছোট বোন নিপা আক্তার (৩২) তাদের ওপর হামলা চালায় এবং মারধর করে আহত করে। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে। সেসময় ছেলের বাবা খোরশেদ মাতুব্বরকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
Advertisement
রিতু আক্তারের চাচা সৈয়দ আলী জাগো নিউজকে বলেন, এর আগেও বেশ কয়েকবার সালিশ-বৈঠক হয়েছে। রোববার (১৯ এপ্রিল) ছেলের বাবা আমাদের বাড়িতে এসে জানান, আমাদের মেয়েকে জিনে ধরেছে। তাকে যেনো নিয়ে আসা হয়। খবর পেয়ে আমার ভাই-ভাবিসহ কয়েকজন তাকে আনতে গিয়ে দেখেন রিতুকে তিন দিন ধরে খাবার না দিয়ে শিকলবন্দি করে রাখা হয়েছে। এ সময় তাদের ওপর হামলা চালানো হয়। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। আমরা এর বিচার চাই।
তিনি অভিযোগ আরও বলেন, মারধর করে তাদের কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।
এ বিষয়ে বক্তব্য জানতে রিতু আক্তারের স্বামী শামুন মাতুব্বরের সঙ্গে যোগাযোগ করা জন্য মোবাইল ফোনে কল দিলেফোন বন্ধ পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করে নগরকান্দা থানার ডিউটি অফিসার ও উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জাগো নিউজকে বলেন, খবর পেয়ে তাদের উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ছেলের বাবা খোরশেদ মাতুব্বরকে আটক করা হয়েছে।
Advertisement
এন কে বি নয়ন/এনএইচআর/জেআইএম