সপ্তম শ্রেণির বাংলা ক্লাস চলছে। শিক্ষার্থীদের পড়াচ্ছেন শিক্ষক। হঠাৎ শ্রেণিকক্ষের দরজার সামনে দাঁড়ালেন কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। এরপর তিনি শ্রেণিকক্ষে থাকা শিক্ষকের অনুমতি নিলেন প্রবেশের জন্য। শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীদের সঙ্গে টেবিলে বসে পড়লেন।
Advertisement
সোমবার (২০ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার দিদার মডেল হাইস্কুলে এ ঘটনা ঘটে। এর আগে চলমান হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনে অংশ নিয়ে স্কুল মাঠে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
শ্রেণিকক্ষে বসা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাকে নিয়ে সাধারণ মানুষ ও নেতাকর্মীরা ইতিবাচক পোস্ট দিয়ে প্রশংসাও করছেন।
শ্রেণিকক্ষে এমপি মনিরুল অন্য শিক্ষার্থীদের মতো গভীর মনোযোগ দিয়ে ক্লাস শিক্ষকের পাঠদান শোনেন। এসময় তাকে এক একজন শিক্ষার্থীর মতোই বসে থাকতে দেখা যায়। প্রায় আধা ঘণ্টা ধরে চলা ওই ক্লাসে তিনি মনোযোগ দিয়ে পাঠ শোনেন। একপর্যায়ে এক ছাত্রীর কাছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘কুলি-মজুর’ কবিতার আবৃত্তি শোনেন। ক্লাসের শেষ দিকে মনিরুল হক চৌধুরী দাঁড়িয়ে শিক্ষার্থীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন। এসময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনার গুরুত্ব, নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিত থাকা ও নিজেদের দক্ষতা গড়ে তোলার বিষয়ে দিকনির্দেশনামূলক কথা বলেন।
Advertisement
দিদার মডেল হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অর্চনা দেবনাথ বলেন, একজন সংসদ সদস্য হয়েও শিক্ষার্থীদের মাঝে এসে তাদের সঙ্গে একই বেঞ্চে বসে সময় দিয়ে পাঠ গ্রহণ করা নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী ও অনুপ্রেরণাদায়ক উদ্যোগ। এর মাধ্যমে শিক্ষার্থীরা যেমন উৎসাহিত হবে, তেমনি শিক্ষকদের মাঝেও দায়িত্ববোধ ও আন্তরিকতা আরও বৃদ্ধি পাবে বলে আমি মনে করি।
এ বিষয়ে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করেছি। আমাদের ছেলে-মেয়েদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে হলে তাদের কাছে শিক্ষাকে আনন্দময় করে তুলতে হবে। শিক্ষা যদি তাদের কাছে উপভোগ্য হয়ে ওঠে, তাহলে তারা আর স্কুল ফাঁকি দেবে না। এ বিষয়ে শিক্ষকদের আন্তরিকতা অত্যন্ত জরুরি আমি মনে করি।
জাহিদ পাটোয়ারী/এমএন/জেআইএম
Advertisement