আন্তর্জাতিক

ইরান থেকে ইউরেনিয়াম অপসারণ ‘দীর্ঘ ও কঠিন’ প্রক্রিয়া হবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে এক পোস্টে ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধার প্রসঙ্গ তুলে ধরেন। তিনি লিখেছেন, অপারেশন মিডনাইট হ্যামার ছিল ইরানের নিউক্লিয়ার ডাস্ট স্থাপনাগুলোর ওপর সম্পূর্ণ ও সর্বাত্মক ধ্বংসযজ্ঞ। ফলে সেখান থেকে তা খনন করে বের করা হবে দীর্ঘ ও কঠিন একটি প্রক্রিয়া।

Advertisement

অপারেশন মিডনাইট হ্যামার হলো গত বছরের জুনে যুক্তরাষ্ট্রের চালানো একটি অভিযানের নাম। এতে যুক্তরাষ্ট্রের ১২৫টি সামরিক বিমান ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানে হামলা চালায়।

এরপর তিনি আরও লেখেন, ভুয়া সংবাদমাধ্যম সিএনএন এবং অন্যান্য দুর্নীতিগ্রস্ত মিডিয়া নেটওয়ার্ক ও প্ল্যাটফর্ম আমাদের মহান বিমানচালকদের প্রাপ্য কৃতিত্ব দিতে ব্যর্থ হচ্ছে। তাদের সব সময় খাটো করা ও তুচ্ছ করার চেষ্টা করছে-লুজারস!!!

এর আগে পাকিস্তানের মধ্যস্থতায় দ্বিতীয় দফার সম্ভাব্য বৈঠকের আগে ইরান সমঝোতায় আসবে বলে আশা প্রকাশ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর ব্যতিক্রম ঘটলে দেশটিকে চরম পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

Advertisement

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তারা (ইরান) আলোচনায় বসতে যাচ্ছে। আর যদি তা না করে, তবে তারা এমন সমস্যার সম্মুখীন হবে যা আগে কখনো দেখেনি।

একটি ন্যায্য চুক্তির আশা প্রকাশ করে ট্রাম্প আরও বলেন, আশা করছি, তারা একটি সম্মানজনক চুক্তিতে আসবে এবং নিজেদের দেশকে পুনর্গঠন করবে। তবে ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না বলে সাফ জানিয়ে দেন তিনি।

ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের পক্ষে সাফাই গেয়ে ট্রাম্প বলেন, আমাদের সামনে আর কোনো পথ খোলা ছিল না। আমাদের এটি করতেই হতো। আমরা একটি বড় কাজ সফলভাবে শেষ করেছি। আশা করছি, সবকিছু সুন্দরভাবে মিটে যাবে ও সবাই খুশি হবে।

টিটিএন

Advertisement