দেশজুড়ে

সম্পদের লোভে শতবর্ষী বাবাকে ঘরবন্দি করে ছেলের মারধর

কুমিল্লার দাউদকান্দিতে সম্পদের লোভে শতবর্ষী বাবাকে মারধর করে ঘরে আটকে রাখার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।

Advertisement

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার ছোট লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানায়, সম্পত্তি লিখে না দেওয়ায় ছোট লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা খোরশেদ আলম ভুঁইয়াকে (১০০) গত কয়েকদিন ধরে ঘরে আটকে নির্যাতন করেন ছেলে মো. খলিলুর রহমান। খবর পেয়ে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় খোরশেদ আলম ভুঁইয়াকে উদ্ধার করে গৌরীপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরেই খলিলুর রহমান তার বাবাকে অমানবিক নির্যাতন করেন। তারা অভিযুক্ত ছেলে খলিলুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

Advertisement

খোরশেদ আলম ভুঁইয়াকে উদ্ধারকারী ফারুক মোল্লা বলেন, সম্পত্তির লোভে তার ছেলে শতবর্ষী খোরশেদ আলমকে মারধর করেন। না খেতে দিয়ে একটি রুমে তালাবদ্ধ করে রাখেন। গোঙানির শব্দ পেয়ে আমরা ঘরে যাই। পরে দরজা খুলে তাকে উদ্ধার করে এলাকাবাসী মিলে হাসপাতালে নিয়ে যাই। একজন সন্তান তার বৃদ্ধ বাবাকে এভাবে নির্যাতন করতে পারে আমি বিশ্বাস করতে পারছি না। আমরা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

তবে অভিযুক্ত ছেলে খলিলুর রহমানের দাবি, তার বাবা বাসায় পড়ে গিয়ে ব্যথা পেয়ে আহত হয়েছেন। তিনি তাকে মারধর করেননি। তার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য না।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম বলেন, আমরা এ ধরনের কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাহিদ পাটোয়ারী/এফএ/এএসএম

Advertisement