রাজনীতি

ফাহমিদা হক সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন—আশা স্বামী জিল্লুর রহমানের

সংরক্ষিত নারী সংসদ সদস্য হিসেবে বিএনপির মনোনয়ন পেয়েছেন ফাহমিদা হক। এই মনোনয়নকে কেন্দ্র করে প্রতিক্রিয়া জানিয়েছেন তার স্বামী, সাংবাদিক ও সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) সভাপতি জিল্লুর রহমান। সততা ও নিষ্ঠার সঙ্গে ফাহমিদা দায়িত্ব পালন করবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।

Advertisement

মঙ্গলবার (২১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, ফাহমিদা হকের জনসম্পৃক্ততা নতুন কোনো বিষয় নয়। দীর্ঘদিন ধরে তিনি লেখালেখি, সামাজিক উদ্যোগ এবং নীতিনির্ধারণ বিষয়ক আলোচনায় যুক্ত রয়েছেন। দেশজুড়ে বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ এবং সামাজিক বাস্তবতার অভিজ্ঞতার মধ্য দিয়ে তার রাজনীতি ও জনজীবনের প্রতি আগ্রহ ধীরে ধীরে বিকশিত হয়েছে।

জিল্লুর রহমান বলেন, সংসদ সদস্য হিসেবে এই মনোনয়ন ফাহমিদা হকের দীর্ঘদিনের সামাজিক সম্পৃক্ততারই ধারাবাহিকতা। তিনি আশা প্রকাশ করেন, ফাহমিদা হক সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং সংসদীয় কার্যক্রম ও গণতান্ত্রিক আলোচনায় ইতিবাচক ভূমিকা রাখবেন।

একই সঙ্গে নিজের পেশাগত অবস্থান সম্পর্কে স্পষ্ট করে তিনি বলেন, সাংবাদিক, কলামিস্ট, টক শো উপস্থাপক এবং সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) প্রেসিডেন্ট হিসেবে তার পেশাগত জীবন স্বাধীনভাবেই পরিচালিত হবে।

Advertisement

তিনি আরও উল্লেখ করেন, গণতান্ত্রিক ব্যবস্থায় একই পরিবারের সদস্যরা ভিন্ন ভিন্ন জনভূমিকা পালন করতে পারেন, তবে পেশাগত সততা অবশ্যই স্বাধীন থাকতে হবে। বস্তুনিষ্ঠতা, ন্যায়পরায়ণতা এবং উন্মুক্ত জনআলোচনার প্রতি প্রতিশ্রুতি ভবিষ্যতেও তার কাজকে পরিচালিত করবে বলেও তিনি জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে ফাহমিদা হকের নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন জিল্লুর রহমান। একই সঙ্গে সাংবাদিকতা ও নীতি-আলোচনার ক্ষেত্রে নিজের স্বাধীনতা ও দায়বদ্ধতা বজায় রাখার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন তিনি।

এসএম/এমএমকে

Advertisement