দেবর-ভাবির সম্পর্কের ভিন্ন এক গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন নাটক ‘ভাবি’। কোরবানির ঈদ উপলক্ষে নির্মিত এই নাটকে একসঙ্গে দেখা যাবে শারমীন জোহা শশী ও নিলয় আলমগীরকে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মহিন খান।
Advertisement
নাটকে শশী অভিনয় করেছেন পারুল চরিত্রে, আর নিলয় আলমগীরকে দেখা যাবে ইমরান চরিত্রে। গল্পে দেখা যাবে বিদেশে থাকা বড় ভাইয়ের সংসার সামলাতে গিয়ে দেবর ইমরান ও ভাবি পারুলের মধ্যে গড়ে ওঠে দুষ্টুমিষ্টি সম্পর্ক। তবে হঠাৎ করেই বড় ভাইয়ের মৃত্যু হলে তাদের সম্পর্ক নিয়ে গ্রামে শুরু হয় নানা গুঞ্জন, তৈরি হয় ভিন্ন মাত্রা।
দীর্ঘদিন পর বেছে নেওয়া গল্পে অভিনয় করতে পেরে উচ্ছ্বসিত শশী। তিনি বলেন, এই নাটকের গল্প ও চরিত্র দুটিই তার কাছে আলাদা লেগেছে। প্রায় আট বছর পর নিলয়ের সঙ্গে আবারও কাজ করাটাও তার জন্য বিশেষ অভিজ্ঞতা।
অন্যদিকে নির্মাতা মহিন খান জানান, প্রায় এক দশক পর শশীকে নিয়ে কাজ করার সুযোগ পেয়ে তিনি আনন্দিত। তার মতে, শশীর অভিব্যক্তি ও অভিনয় দক্ষতা নাটকটিকে আরও শক্তিশালী করেছে। নিলয়ও তার চরিত্রে দারুণ অভিনয় করেছেন বলে জানান তিনি।
Advertisement
নির্মাতা সূত্রে জানা গেছে, নাটকটির শুটিং শেষ হয়েছে। বর্তমানে সম্পাদনাসহ পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। আসছে কোরবানির ঈদে ইউটিউবে মুক্তি পাবে ‘ভাবি’।
এলআইএ