দেশজুড়ে

বান্দরবানে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

বান্দরবানের আলীকদমে হামের উপসর্গ নিয়ে চাংমুম ম্রো (৮) নামে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

Advertisement

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে ইয়াংরিং মাংক্রাত পাড়ার প্রেন্নই শিক্ষালয়ের ব্যবস্থাপনা পরিচালক উথোয়াইংগ্য মার্মা বিষয়টি নিশ্চিত করেন।

চাংমুম ম্রো (৮) রুইতন পাড়ার ৯ নম্বর ওয়ার্ড এলাকার পাসং ম্রোর মেয়ে। সে আলীকদম কুরুকপাতা ইয়াংরিং মাংক্রাত পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

উথোয়াইংগ্য মার্মা বলেন, কয়েক সপ্তাহ আগে হোস্টেলের দুই-একজন ছাত্র-ছাত্রীর শরীরে ঘামাচি আকারের লাল লাল চিহ্ন দেখা দেয়। সঙ্গে প্রচণ্ড জ্বর। ক্রমে এই উপসর্গ হোস্টেলের ৭০-৮০ জন ছাত্র-ছাত্রীর শরীরেও দেখা যায়। এর ফলে অধিকাংশ ছাত্র-ছাত্রীকে পরিবারের কাছে পাঠানো হয়েছিল। যে কয়েকজন সুস্থ ছাত্র-ছাত্রী ছিল তার মধ্যে চাংমুম ম্রো (৮) আক্রান্ত হওয়ার দিন রাতে প্রচণ্ড জ্বর হলে তাকে হাসপাতালে নিতে কাঁধে করে ৭ কিলোমিটার পথ হেঁটে দড়ি পাড়া এলাকায় আনা হয়। সেখানে গাড়ি না পাওয়ায় তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং সেখানেই তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন মরদেহটি নিজ বাড়িতে নিয়ে যায়।

Advertisement

তিনি আরও জানান, হোস্টেলটিতে থাকা বেশ কয়েকজন শিশু এই রোগে আক্রান্ত হয়ে আলীকদম ও লামা হাসপাতালে ভর্তি রয়েছে। এছাড়াও এই উপসর্গগুলো হাম রোগের বলে ডাক্তাররা জানিয়েছেন।

আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মো. হাসান বলেন, বর্তমানে হামের উপসর্গ নিয়ে ৭ জন রোগী ভর্তি রয়েছেন। চলতি মাসে এই রোগে আক্রান্ত হয়ে ২৩ জন রোগী ভর্তি হয়েছিলেন। এর মধ্যে ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও একজনকে রেফার করা হয়েছিল। আক্রান্ত আরও রোগী হাসপাতালে আসছে।

এর আগে কুরুক পাতা ইউপির ৭ নম্বর ওয়ার্ড রিংলত পাড়া এলাকায় জং রুং ম্রো (৩ মাস) ও খতং ম্রো (৭ মাস) নামে দুই শিশু একই উপসর্গ নিয়ে মারা যায়।

নয়ন চক্রবর্তী/এফএ/এএসএম

Advertisement