প্রবাস

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১১৪ অবৈধ প্রবাসী আটক

মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের কুয়ালা ক্রাই জেলার দাবং এলাকার একটি হাইড্রোপাওয়ার প্রকল্পে অভিযান পরিচালনা করে ১১৪ জন অবৈধ প্রবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

Advertisement

সোমবার পরিচালিত এ সমন্বিত অভিযানে জেআইএম কেলান্তান শাখার নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।বৃহস্পতিবার, জেআইএম কেলান্তানের উপ-পরিচালক নিক আখতারুলহাক নিক আবদুল রহমান জানান, প্রকল্প এলাকায় বসবাস ও কর্মরত ৩৬৯ জন বিদেশিকে তল্লাশি করে তাদের মধ্য থেকে ১১৪ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার, ইন্দোনেশিয়া ও চীনের নাগরিক রয়েছেন।

তিনি বলেন, বিকেল ৫টা থেকে শুরু হওয়া এ অভিযান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই এলাকায় কর্মরত অনেক বিদেশির বৈধ ভ্রমণ নথি ও কাজের অনুমতি ছিল না বলে সন্দেহ করা হচ্ছিল।

অভিযানে জেআইএম কেলান্তানের ৬৫ জন কর্মকর্তার পাশাপাশি অন্যান্য সংস্থার ৫৬ জন সদস্য অংশ নেন। এ অভিযানে সহযোগিতা করে কুয়ালা ক্রাই জেলা পুলিশ সদর দপ্তর, শ্রম বিভাগ (জেটিকে), পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিভাগ (জেকেকেপি) এবং জাতীয় নিবন্ধন বিভাগ (জেপিএন) কেলান্তান।

Advertisement

আটকদের পরবর্তী তদন্তের জন্য কেলান্তান ইমিগ্রেশন কমপ্লেক্সে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ৬(১)(সি) এবং ১৫(১)(সি) ধারায় অভিযোগ আনা হতে পারে।

নিক আখতারুলহাক আরও বলেন, অবৈধ অভিবাসীদের আশ্রয়দান, সহায়তা বা সুরক্ষা প্রদানকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এ বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না।

এদিকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাধারণ জনগণকে অবৈধ অভিবাসীদের উপস্থিতি বা বিদেশিদের অবৈধ কর্মকাণ্ড সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।

এমআরএম

Advertisement