আন্তর্জাতিক

৬ ঘণ্টা ধ্বংসস্তূপে আটকে ছিলেন সাংবাদিক আমাল, উদ্ধারেও বাধা

লেবাননের দক্ষিণাঞ্চলীয় আত-তিরি গ্রামে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন সাংবাদিক আমাল খলিল। তবে এটি কেবল একটি সাধারণ হামলা ছিল না; লেবানিজ কর্মকর্তাদের মতে, এটি ছিল একটি ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’। এমনকি ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া এই সাংবাদিককে উদ্ধারের চেষ্টাতেও সরাসরি গুলি চালিয়ে বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী।

Advertisement

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, বুধবার (২২ এপ্রিল) ভোরে আত-তিরি গ্রামে একটি গাড়ি লক্ষ্য করে প্রথম ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে গাড়িতে থাকা দুই ব্যক্তি নিহত হন। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, ওই গাড়িটি হিজবুল্লাহর একটি সামরিক স্থাপনা থেকে বের হয়েছিল।

ওই ঘটনার খবর সংগ্রহের জন্য বের হয়েছিলেন স্থানীয় গণমাধ্যম আল-আখবারের হয়ে কাজ করা আমাল খলিল ও তার সহকর্মী জয়নাব ফারাজ। এ সময় দ্বিতীয় দফায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এই হামলায় তারা একটি ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন।

আরও পড়ুন>>লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পেরনামেই যুদ্ধবিরতি/ লেবাননে ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ৫যে রেখায় ভাগ হচ্ছে লেবানন: গাজার ছকেই ভূমি দখলে ইসরায়েলি কূটচাল

Advertisement

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সাংবাদিকরা যে ভবনে আশ্রয় নিয়েছিলেন, ইসরায়েলি বাহিনী ঠিক সেই বাড়িটি লক্ষ্য করেই দ্বিতীয়বার ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে বাড়িটি ধসে পড়ে তারা দুজনই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন।

হামলার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। উদ্ধারকারীরা গুরুতর আহত অবস্থায় জয়নাব ফারাজ এবং প্রথম হামলায় নিহত দুজনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন। তবে আমাল খলিলকে উদ্ধারের সময় ইসরায়েলি বাহিনী সরাসরি গুলি বর্ষণ শুরু করে। প্রাণভয়ে উদ্ধারকর্মীরা কাজ বন্ধ রাখতে বাধ্য হন। এর ফলে আমাল খলিল দীর্ঘ ছয় ঘণ্টা অসহায়ভাবে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকেন।

লেবানিজ সেনাবাহিনী, সিভিল ডিফেন্স এবং রেড ক্রস অনেক চেষ্টার পর মধ্যরাতের ঠিক আগে তার নিথর দেহ উদ্ধার করতে সক্ষম হয়।

লেবাননে গত মার্চ থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ২ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত চারজন সাংবাদিক রয়েছেন।

Advertisement

সূত্র: আল-জাজিরাকেএএ/