নীলফামারীর সৈয়দপুরে জ্বালানি তেল না পাওয়ায় রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করেছেন মোটরসাইকেল চালকরা।
Advertisement
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সৈয়দপুরের ইকু ফিলিং স্টেশনের সামনে তারা সড়ক অবরোধ করেন।
মোটরসাইকেল চালকরা জানান, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয় বরং তেল না পাওয়ার ক্ষোভ থেকেই সাধারণ মানুষের প্রতিবাদ। ফুয়েল কার্ড ছাড়া তেল দেওয়া হচ্ছে না, অথচ তারা এখনো সেই কার্ড হাতে পাননি। অনেকেই কেবল আবেদন করে অপেক্ষা করছেন। তেল না পেয়ে দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে। তাই বাধ্য হয়ে সড়ক অবরোধ এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
এদিকে, অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। দূরপাল্লার বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকে পড়ে এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। অনেকেই সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারেননি।
Advertisement
এ বিষয়ে ফিলিং স্টেশনের মালিক সিদ্দিকুল আলম বলেন, উপজেলা প্রশাসন থেকে লিখিতভাবে জানানো হয়েছে ফুয়েল কার্ড ছাড়া তেল দেওয়া যাবে না। তাই দেওয়া হয়নি। তবে পরে প্রশাসনো লোকজন এসে পাম্প মালিককে ফুয়েল কার্ড ছাড়া তেল দেওয়ার নির্দেশ দিলে মোটরসাইকেল চালকরা সড়ক অবরোধ তুলে নেন বলে জানান তিনি।
আমিরুল হক/এএইচ/জেআইএম