জাতীয়

ইরানকে জরুরি চিকিৎসা সহায়তাসামগ্রী দিলো বাংলাদেশ

মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রেক্ষাপটে ভ্রাতৃপ্রতীম ইরানের জনগণের প্রতি সংহতি প্রকাশ ও মানবিক সহায়তার অংশ হিসেবে দেশটির জন্য জরুরি চিকিৎসা সহায়তাসামগ্রী হস্তান্তর করেছে বাংলাদেশ।

Advertisement

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঢাকায় ইরানের দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে দেশটির রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদির কাছে এই ওষুধসামগ্রী হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সরকারের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপাক্ষিক) ড. মুঃ নজরুল ইসলাম ও পশ্চিম এশিয়া অনুবিভাগের মহাপরিচালক মোঃ হুমায়ুন কবীর উপস্থিতিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির এম আশরাফ আলম ওষুধসামগ্রী হস্তান্তর করেন।

সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে ইরানের আহত জনগণের চিকিৎসা সহায়তার লক্ষ্যে জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম কিনতে প্রধানমন্ত্রী তারেক রহমান গত ৬ এপ্রিল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে এক কোটি টাকা অনুদান দেন।

Advertisement

অনুষ্ঠানে সচিব (দ্বিপাক্ষিক) ড. মুঃ নজরুল ইসলাম মধ্যপ্রাচ্যের সংঘাতে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতির জন্য গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেন।

তিনি বলেন, বাংলাদেশ সব সময় শান্তির পক্ষে। তিনি আশা ব্যক্ত করেন যে, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে এই সংকটের সমাধান হবে এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে।

ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদি সহায়তা গ্রহণকালে বাংলাদেশ সরকারের এই মানবিক উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বাংলাদেশ ও ইরানের মধ্যে বিদ্যমান গভীর ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন এবং এই দুঃসময়ে ইরানের জনগণের প্রতি বাংলাদেশের মানুষের সহমর্মিতা ও আন্তরিক সমর্থনের জন্য ধন্যবাদ জানান।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির বলেন, রেড ক্রিসেন্ট বিশ্বের নিপীড়িত মানুষের জন্য কাজ করে থাকে। যুদ্ধের সময়ে ইরানের জনগণের জন্য এই মানবিক সহায়তায় অংশগ্রহণ তাদের দায়িত্ব বলে উল্লেখ করেন।

Advertisement

এমএমএআর