আন্তর্জাতিক

এবার পদত্যাগ করলেন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী প্রধান

ট্রাম্প প্রশাসন থেকে পদত্যাগ করলেন মার্কিন নৌবাহিনীর প্রধান জন ফেলান। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার (২২ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করে পেন্টাগন।

Advertisement

পেন্টাগনের মুখপাত্র শন পারনেল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, জনের এই পদত্যাগ ‘তাৎক্ষণিকভাবে কার্যকর’ হবে। আর এখন থেকে নৌবাহিনীর উপ-সচিব হাং কাও অস্থায়ীভাবে প্রধানের দায়িত্ব পালন করবেন, যা মূলত প্রশাসনিক ধরনের দায়িত্ব হবে।

পারনেল তার পোস্টে বলেন, যুদ্ধমন্ত্রী ও উপ-যুদ্ধমন্ত্রীর পক্ষ থেকে আমরা ফেলানের প্রতি কৃতজ্ঞ, তিনি বিভাগ ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জন্য যে সেবা দিয়েছেন তার জন্য। তার ভবিষ্যৎ জীবনের জন্য আমরা শুভকামনা জানাই।

এদিকে, জনের পদত্যাগের কোনো কারণ জানায়নি মার্কিন নৌবাহিনী। তবে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজ নির্মাণসংক্রান্ত ইস্যুতে মার্কিন নেতৃত্বের মধ্যে উত্তেজনার প্রেক্ষাপটে তিনি সরে দাঁড়িয়েছেন।

Advertisement

এর কয়েক সপ্তাহ আগেই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সেনাবাহিনীর প্রধান র‌্যান্ডি জর্জকে তার পদ থেকে সরে দাঁড়াতে বলেন। এছাড়া সম্প্রতি সেনাবাহিনীর আরও দুই কর্মকর্তা- ডেভিড হডনে ও উইলিয়াম গ্রিনকে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

পেন্টাগনে দায়িত্ব নেওয়ার পর থেকে হেগসেথ এক ডজনেরও বেশি জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করেছেন। এর মধ্যে নৌবাহিনীর অপারেশন প্রধান এবং বিমানবাহিনীর উপপ্রধানও রয়েছেন।

সূত্র: বিবিসি

এসএএইচ

Advertisement