আন্তর্জাতিক

ঝালমুড়ি খেলাম আমি আর ঝাল লাগলো তৃণমূলের: মোদী

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট চলছে। এরই মধ্যে রাজ্য সফরে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বৃহস্পতিবার কৃষ্ণনগরে জনসভা করেন। সেখানে ২৯ এপ্রিল ভোট হওয়ার কথা রয়েছে।

Advertisement

ওই সভা থেকে নির্বাচন কমিশনের পক্ষে কথা বলতে দেখা যায় নরেন্দ্র মোদীকে। পাশাপাশি একদিকে যেমন তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন তেমনি দিন কয়েক আগে ঝাড়গ্রাম সফরে গিয়ে তার ঝালমুড়ি খাওয়ার প্রসঙ্গও টেনে আনেন।

তিনি বলেন, গত পঞ্চাশ বছরে এটাই প্রথম নির্বাচন যেখানে সবচেয়ে কম সহিংসতা দেখা যাচ্ছে। তার অভিযোগ, পশ্চিমবঙ্গে ভোটের সময় বিশৃঙ্খলা দেখা যায় এবং সহিংসতাও হয়। কিন্তু নির্বাচন কমিশন এবার তেমনটা হতে দিচ্ছে না।

মোদী বলেন, আমি এ বিষয়ে নির্বাচন কমিশনকে অভিনন্দন জানাচ্ছি। তারা পশ্চিমবঙ্গের মাটিতে আরও একবার লোকতন্ত্র প্রতিষ্ঠা করেছে। ভোট শান্তিপূর্ণ করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের বড় কৃতিত্ব রয়েছে। আমি সরকারি কর্মচারীদেরও অভিনন্দন জানাচ্ছি কারণ তারাও নিজেদের দায়িত্ব পালন করেন।

Advertisement

প্রধানমন্ত্রীকে এই সভায় রসিকতাও করতে দেখা যায়। তিনি বলেন, বিজেপি জিতলে মিষ্টি বিতরণ করা হবে, ঝালমুড়িও বিতরণ করা হবে। শুনেছি ঝালমুড়িও অনেককে ব্যাপক ধাক্কা দিয়েছে। ঝালমুড়ি খেলাম আমি, আর ঝাল লাগলো তৃণমূলের।

কয়েক দিন আগে ঝাড়গ্রাম সফরে গিয়ে স্থানীয় এক দোকান থেকে ঝালমুড়ি কিনে খেয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। তৃণমূলসহ বিরোধীরা সেই প্রসঙ্গ টেনে কটাক্ষ করতে ছাড়েনি। কৃষ্ণনগরের সভা থেকে তারই জবাব দেন মোদী।

টিটিএন

Advertisement